G-VV5KW25M6F
Take a fresh look at your lifestyle.

খালেদা জিয়ার শ্বাসকষ্ট, চলছে পরীক্ষা–নিরীক্ষা

0

 

আজ সোমবার ভোরে শ্বাসকষ্ট অনুভব করছিলেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। এরপর চিকিৎসকেরা তাঁকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করেন।

আজ রাতে বসুন্ধরা আবাসিক এলাকা-সংলগ্ন ৩০০ ফিট সড়কের সামনে সংবাদ ব্রিফিংয়ে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ হোসেন এ কথা বলেন। তিনি খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া চান।

জাহিদ হোসেন বলেন, শ্বাসকষ্টের পর খালেদা জিয়ার বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা করানো হয়েছে। আরও কিছু পরীক্ষা করা হচ্ছে। এরপর বিএনপির চেয়ারপারসনের শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জানানো যাবে।

আজ রাত ৮টার দিকে ডা. জাহিদ এই ব্রিফ করেন। এ সময় বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবীর খান সেখানে উপস্থিত ছিলেন।
খালেদা জিয়ার শ্বাসকষ্ট কতটা গুরুতর, সাংবাদিকদের প্রশ্নের জবাবে জাহিদ হোসেন বলেন, ‘তিনি (খালেদা জিয়া) সিসিইউতে ভর্তি আছেন। আমার সঙ্গে কয়েক মিনিট আগে সিসিইউতে কথা হয়েছে।’

বিএনপি চেয়ারপারসন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। তিনি কি এখন করোনা নেগেটিভ কি না, জানতে চাইলে জাহিদ হোসেন সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে ব্রিফিং শেষ করেন।

খালেদা জিয়া গত ১১ এপ্রিল করোনাভাইরাসে আক্রান্ত হন। এরপর গত ২৭ এপ্রিল মধ্যরাতে তাঁকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে ১০ সদস্যের একটি মেডিকেল বোর্ড খালেদা জিয়ার চিকিৎসার দায়িত্বে আছে।

Leave A Reply

Your email address will not be published.