সানিফ চৌধুরী,হাটহাজারী প্রতিনিধি : হাটহাজারী উপজেলায় জলাবদ্ধতা নিরসনে বিভিন্ন দপ্তরের সমন্বয় ও কার্যকর ব্যবস্থাপনা নিশ্চিত করতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত । প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি’র নির্দেশনায় আয়োজিত এ সভায় সংশ্লিষ্ট সকল দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় অংশগ্রহণকারীদের আলোচনার ভিত্তিতে জলাবদ্ধতা সমস্যার দ্রুত সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ ও কার্যকর ব্যবস্থাপনার বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন মাধ্যমে প্রাপ্ত অভিযোগ ও পরামর্শের আলোকে চিহ্নিত জলাবদ্ধ এলাকাগুলো সরেজমিনে পরিদর্শন করে দ্রুত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, প্রশাসনিক কর্মকর্তা ও পৌরসভাকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য বলা হয়েছে। গ্রাম পুলিশের সহায়তায় ডেইলি লেবার নিয়োগ করে ড্রেন ও নালা পরিষ্কার এবং পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করার কাজ পরিচালনা করা হবে।
এছাড়া সড়ক ও জনপদ বিভাগকে বাসস্ট্যান্ড এলাকার চলমান কাজ দ্রুত সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। পানি জমে থাকা ঝুঁকিপূর্ণ স্থানে নিরাপত্তা সাইনবোর্ড ও লাল পতাকা স্থাপনের মাধ্যমেও জনসাধারণকে সতর্ক করার ব্যবস্থা নেওয়া হবে।
সভায় জলাবদ্ধতা নিরসনে প্রশাসনের পাশাপাশি সাধারণ জনগণের অংশগ্রহণের ওপরও গুরুত্বারোপ করা হয়। নিজ নিজ বাড়ির আশপাশের নালা, ডোবা ও ড্রেন পরিষ্কার রাখা এবং ইউনিয়ন পরিষদ ও পৌরসভার কার্যক্রমে সহযোগিতা করার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়েছে।
সিতাজ২৪.কম/এস.টি