এস. এ. নয়ন, রাঙ্গুনিয়া প্রতিনিধি: রাঙ্গুনিয়ার রানীরহাটে দেড় লক্ষ টাকার মরণোত্তর মৃত্যুফান্ড হস্তান্তর
চট্টগ্রাম জেলা ট্রাক-মিনি ট্রাক মালিক ও শ্রমিক সমবায় সমিতি লিমিটেডের আওতাধীন রাঙ্গুনিয়া উপজেলার রানীরহাট শাখার তিন প্রয়াত সদস্যের পরিবারকে মরণোত্তর মৃত্যুফান্ডের অর্থ প্রদান করা হয়েছে। প্রতিষ্ঠানটির এই মানবিক উদ্যোগে উপকৃত হয়েছেন সদস্য মুহাম্মদ সেলিম, মুহাম্মদ জামাল ও মুহাম্মদ খোরশেদের শোকসন্তপ্ত পরিবার।
বৃহস্পতিবার (২১ মে) সকাল ১১টায় সমিতির অফিসে আয়োজিত এক আনুষ্ঠানিক অনুষ্ঠানে এই অর্থ হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রানীরহাট শাখা উপ-কমিটির সভাপতি কাজী রাকিবুল হাসান মাসুদ এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক এবিএম সাইফুদ্দিন তালুকদার।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি ইউছুপ চৌধুরী। প্রধান বক্তা ছিলেন ইসলামপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক আব্দুল মান্নান রনি। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সমিতির উপদেষ্টা ও রাঙ্গামাটি জেলা সড়ক পরিবহন ট্রাক মালিক সমিতির সভাপতি জাহেদুল আলম চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা ট্রাক-মিনি ট্রাক মালিক ও শ্রমিক সমবায় সমিতির অর্থ সম্পাদক মুহাম্মদ আব্দুস সালাম, সমিতির উপদেষ্টা সিরাজুল ইসলাম তালুকদার ও বিএনপি নেতা আনোয়ার হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন সমিতির সহ-সভাপতি এসকান্দর মিয়া ও জরিফ আলী, সহ-সাধারণ সম্পাদক ইউছুপ সাগর, সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল কুদ্দুস, অর্থ সম্পাদক নাছের উদ্দিন, সহ-অর্থ সম্পাদক লোকমান হাকিম, প্রচার সম্পাদক ইসমাঈল হোসেন কোম্পানি এবং ধর্মীয় সম্পাদক আনোয়ার শাহ।
অনুষ্ঠানে অতিথিরা তিন প্রয়াত সদস্যের পরিবারের হাতে মোট দেড় লক্ষ টাকার মৃত্যুফান্ড তুলে দেন। স্বামী হারানোর বেদনার মাঝেও এই আর্থিক সহায়তা পেয়ে পরিবারগুলোর মুখে কিছুটা স্বস্তির হাসি ফোটে। পরিবারের সদস্যরা জানান, এই কঠিন সময়ে টাকাগুলো পেয়ে আমাদের অনেক উপকার হয়েছে। সমিতির এই সহযোগিতা আমাদের জন্য বড় আশীর্বাদ।”
সমিতির এই মরণোত্তর মৃত্যুফান্ড কার্যক্রম সদস্যদের পরিবারের পাশে দাঁড়ানোর একটি প্রশংসনীয় উদ্যোগ হিসেবে স্থানীয়দের কাছে ব্যাপক সাড়া ফেলেছে।
/এস.টি