G-VV5KW25M6F
Take a fresh look at your lifestyle.

আজ চট্টগ্রাম চেম্বার নির্বাচন

0

অবশেষে শুরু হয়েছে শতবর্ষী বাণিজ্য সংগঠন দি চিটাগং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি–এর দ্বিবার্ষিক নির্বাচন।

কয়েক দফা পিছিয়ে আজ শনিবার (২৩ মে) অনুষ্ঠিত হচ্ছে এ নির্বাচন। নগরীর আগ্রাবাদস্থ ওয়ার্ল্ড ট্রেড সেন্টার–এ সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে।

এর আগে চেম্বারের নির্বাচন বোর্ডের চেয়ারম্যান ও চট্টগ্রাম বিভাগের স্থানীয় সরকার বিভাগের পরিচালক মনোয়ারা বেগম স্বাক্ষরিত গত ১৮ মে’র বিজ্ঞপ্তিতে নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়।

নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে গতকাল বিকেল ৪টায় ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের কনফারেন্স হলে এক ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। এতে নির্বাচন সংশ্লিষ্ট ১৫০ জন কর্মকর্তা-কর্মচারীকে নির্বাচন পরিচালনা বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গত বৃহস্পতিবার দুপুরে হাইকোর্ট বিভাগের একটি দ্বৈত বেঞ্চ চট্টগ্রাম চেম্বারের দ্বিবার্ষিক নির্বাচন ছয় মাসের জন্য স্থগিত করেন। একই সঙ্গে নির্বাচন বোর্ড ঘোষিত তফসিল ও চলমান নির্বাচনী কার্যক্রমের ওপরও স্থগিতাদেশ দেওয়া হয়।

পরবর্তীতে সরকারের পক্ষে অ্যাটর্নি জেনারেলের নির্দেশনায় আপিল বিভাগে সিভিল মিসলেনিয়াস পিটিশন দায়ের করা হয়। পরে আপিল বিভাগের চেম্বার জজ উভয় পক্ষের শুনানি শেষে হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশের কার্যকারিতা স্থগিত করেন।

এর ফলে দেশের অন্যতম প্রভাবশালী ব্যবসায়ী সংগঠন দি চিটাগং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বিবার্ষিক নির্বাচন নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হওয়ার পথ সুগম হয়।

এদিকে, নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন করার লক্ষ্যে বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন-১ শাখা থেকে সিনিয়র সহকারী সচিব আশরাফুল ছিদ্দিক স্বাক্ষরিত এক নির্দেশনা চিঠি চেম্বার কর্তৃপক্ষকে দেওয়া হয়।

নির্বাচন বোর্ড জানিয়েছে, বাণিজ্য মন্ত্রণালয়, পুলিশ প্রশাসন ও জেলা প্রশাসনের সমন্বয়ে গঠিত ৫ সদস্যের একটি পর্যবেক্ষক দল নির্বাচন পর্যবেক্ষণ করবে। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনী নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবে।
/এস.টি

Leave A Reply

Your email address will not be published.