G-VV5KW25M6F
Take a fresh look at your lifestyle.

পটিয়ায় বাস-বাইক সংঘর্ষে নিহত ২, আহত ১

0

ফারুকুর রহমান বিনজু পটিয়া প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়া উপজেলায় কুরবানির পশু দেখতে বের হয়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন তিন বন্ধু। মোটরসাইকেল ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে দুই কিশোর নিহত হয়েছেন এবং একজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শনিবার (২৩ মে) দুপুর প্রায় ১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চক্রশালা এলাকার কমল মুন্সির হাট আনসার ক্যাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, তিন বন্ধু মোটরসাইকেলে করে কুরবানির পশু দেখতে বের হয়েছিলেন। পথে কক্সবাজারমুখী একটি হানিফ পরিবহনের বাসের সঙ্গে তাদের বহনকারী মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক শাহাদাত হোসেন সামী (১৬) নিহত হন। হাসপাতালে নেওয়ার পথে মারা যান ওয়ালিয়া আল তাসনিম (১৭)। আহত হন তানভীর হোসেন জয় (১৮), তাকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত সামী চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। তিনি আখতার হোসেনের ছেলে। নিহত তাসনিম রাহাত আলী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী এবং তার বাবা জাহেদুল আলম। আহত জয় আবদুল আলিমের ছেলে। তিনজনের বাড়িই পটিয়া উপজেলার কচুয়াই ইউনিয়নের শেখ মুহাম্মদ পাড়া এলাকায়।

আহত জয়ের বাবা আবদুল আলিম জানান, হাসপাতালে এসে ছেলেকে শনাক্ত করলেও চিকিৎসকরা জানিয়েছেন তার অবস্থা সংকটাপন্ন। পরে উন্নত চিকিৎসার জন্য দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পটিয়া হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক সুচিত্রা দেবী জানান, আহত জয়কে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের প্রয়োজনীয় চিকিৎসা ও আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হচ্ছে।

পটিয়া হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক মোস্তাফিজুর রহমান ভূঁইয়া বলেন, কক্সবাজারমুখী হানিফ পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। মোটরসাইকেলটি তিন কিশোর বহন করছিল। দুর্ঘটনায় একজন ঘটনাস্থলে এবং আরেকজন হাসপাতালে নেওয়ার পথে মারা যান। আহত একজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় জড়িত বাসটি আটক করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছেন।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, ঘটনাটি তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ঈদকে সামনে রেখে আনন্দের মুহূর্তে ঘটে যাওয়া এ দুর্ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। পরিবারের সদস্য, স্বজন এবং স্থানীয়দের মধ্যে গভীর শোক ও বেদনার সৃষ্টি হয়েছে।
/এস.টি

Leave A Reply

Your email address will not be published.