G-VV5KW25M6F
Take a fresh look at your lifestyle.

খুরশীদ আলম এর চেয়ারম্যান পদে বাধা নেই : বাংলাদেশ ব্যাংক

0

নিউজ ডেস্ক: ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির নবনিযুক্ত চেয়ারম্যান মো. খুরশীদ আলমকে ঘিরে ঋণখেলাপির যে আলোচনা সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে, সে বিষয়ে অবস্থান পরিষ্কার করেছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক বলছে, খুরশীদ আলম ব্যক্তিগতভাবে ঋণখেলাপি নন এবং তাঁর চেয়ারম্যান পদে দায়িত্ব পালনে কোনো আইনি বাধা নেই।

মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান সাংবাদিকদের জানান, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে ঋণ নেওয়া একটি প্রতিষ্ঠানের যৌথ মালিক খুরশীদ আলমের স্ত্রী। প্রতিষ্ঠানটির ঋণ পরবর্তীতে খেলাপি হলেও খুরশীদ আলম নিজে ওই ঋণের দায়ে ঋণখেলাপি হিসেবে বিবেচিত হন না।

তিনি বলেন, একজন ব্যক্তির স্ত্রী বা পরিবারের সদস্যের মালিকানাধীন প্রতিষ্ঠানের ঋণখেলাপির কারণে সংশ্লিষ্ট ব্যক্তিকে ঋণখেলাপি বলা যায় না। ফলে খুরশীদ আলমের চেয়ারম্যান হওয়ার ক্ষেত্রে এ বিষয়টি কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করে না।

খুরশীদ আলমকে ঘিরে অতীতের কিছু অভিযোগ নতুন করে আলোচনায় আসার বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র বলেন, অতীতে তাঁর বিরুদ্ধে কিছু ভুল তথ্য উপস্থাপন করা হয়েছিল। পরবর্তীতে বিষয়গুলো পর্যালোচনার পরই তিনি নির্বাহী পরিচালক ও ডেপুটি গভর্নর পদে পদোন্নতি পেয়েছিলেন।

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে তাঁর নিয়োগ নিয়ে চলমান বিতর্ক প্রসঙ্গে আরিফ হোসেন খান বলেন, বাংলাদেশ ব্যাংক তাদের সিদ্ধান্তকে সঠিক মনে করে এবং কোনো আন্দোলন বা চাপের মুখে সেই সিদ্ধান্ত পরিবর্তনের পরিকল্পনা নেই।

এদিকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নিয়োগ নিয়ে সাম্প্রতিক বিক্ষোভ ও আন্দোলনের মধ্যেও কেন্দ্রীয় ব্যাংক খুরশীদ আলমকে স্বপদে বহাল রাখার অবস্থান পুনর্ব্যক্ত করেছে।
/এস.টি

Leave A Reply

Your email address will not be published.