নিউজ ডেস্ক: রাজধানীর মিরপুরে ৭৫ বছর বয়সী নূর জাহান বেগমের মরদেহ উদ্ধারের ঘটনায় আলোচনার মধ্যে তাঁর ছেলে এ কে এম আনিসুর রহমানকে দায়িত্ব থেকে প্রত্যাহার করেছে সরকার। তিনি মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য (যুগ্ম সচিব) হিসেবে কর্মরত ছিলেন।
বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে তাঁকে বর্তমান দায়িত্ব থেকে সরিয়ে মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। একই সঙ্গে তাঁকে অবিলম্বে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় তাঁকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজড) হিসেবে গণ্য করা হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
নূর জাহান বেগমের মৃত্যুর পর তাঁর সন্তানদের অবহেলার অভিযোগ সামনে আসে। গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, তাঁর আরেক ছেলে একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং এক মেয়ে স্থানীয় একটি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত। বিষয়টি জনমনে ব্যাপক আলোচনার জন্ম দেওয়ায় সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে সরকার।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আবদুল বারী জানিয়েছেন, ২০১৩ সালের পিতা-মাতার ভরণপোষণ আইন অনুযায়ী বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। সংশ্লিষ্ট কর্মকর্তার বক্তব্য গ্রহণসহ প্রয়োজনীয় প্রশাসনিক ও আইনি প্রক্রিয়া অনুসরণ করা হবে।
এদিকে নূর জাহান বেগমের মৃত্যুকে ঘিরে প্রকাশিত ভিডিও ও প্রতিবেদনগুলোতে তাঁর বসবাসের পরিবেশ নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। প্রতিবেশীরা অভিযোগ করেছেন, দীর্ঘদিন ধরে তিনি যথাযথ পরিচর্যা পাননি। মরদেহ উদ্ধারের সময় ঘরের পরিবেশ ছিল অস্বাস্থ্যকর এবং ঘটনাটি এলাকায় ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।
বিশেষজ্ঞদের মতে, এই ঘটনা দেশে পিতা-মাতার ভরণপোষণ ও প্রবীণ নাগরিকদের সুরক্ষা বিষয়ে নতুন করে সচেতনতার প্রয়োজনীয়তা তুলে ধরেছে। বর্তমানে প্রশাসন ঘটনাটির বিভিন্ন দিক তদন্ত করছে এবং আইনি পদক্ষেপের বিষয়টি পর্যালোচনা করছে।
/এস.টি