G-VV5KW25M6F
Take a fresh look at your lifestyle.

ছুটি নেবেন না পররাষ্ট্রমন্ত্রী

0

অনলাইন ডেস্ক: জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ার পর দায়িত্ব পালনে ছুটি নেবেন কি না—এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান মজার ছলে বলেছেন, ‘ভাই, এত ব্যস্ত হইয়েন না।’

বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এ মন্তব্য করেন। সম্প্রতি জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচনে জয়লাভ করে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ সাফল্য এনে দেন তিনি।

এ অর্জনকে বাংলাদেশের সম্মিলিত বিজয় হিসেবে উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, সরকারের সর্বোচ্চ পর্যায়ের সমর্থন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারী এবং বিদেশে কর্মরত কূটনীতিকদের নিরলস প্রচেষ্টার ফলেই এই সাফল্য সম্ভব হয়েছে। তিনি এ কৃতিত্ব দেশের ভবিষ্যৎ প্রজন্মের উদ্দেশে উৎসর্গ করেন।

ছুটি নেওয়ার প্রসঙ্গে তিনি বলেন, অতীতেও এমন নজির রয়েছে। প্রায় চার দশক আগে বাংলাদেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশীদ চৌধুরী জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েও একই সময়ে দুই দায়িত্ব পালন করেছিলেন।

বর্তমান প্রযুক্তির যুগে দুটি গুরুত্বপূর্ণ দায়িত্ব একসঙ্গে পালন করা আরও সহজ হয়েছে বলে মন্তব্য করেন খলিলুর রহমান। তাঁর মতে, আধুনিক যোগাযোগব্যবস্থার কারণে আন্তর্জাতিক দায়িত্ব এবং মন্ত্রিসভার দায়িত্ব সমান্তরালভাবে পরিচালনা করা এখন স্বাভাবিক বিষয়।

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, অনেকেই বিদেশের উদাহরণ টানলেও সব ক্ষেত্রে প্রেক্ষাপট এক নয়। কোনো কোনো দেশের মন্ত্রী রাজনৈতিক কারণে পদ ছাড়লেও তাঁর ক্ষেত্রে এমন কোনো পরিস্থিতি নেই। ফলে তিনি বর্তমান দায়িত্বের পাশাপাশি জাতিসংঘের নতুন দায়িত্বও পালন করবেন।
/এস.টি

Leave A Reply

Your email address will not be published.