সিতাজ সংবাদ: প্রধানমন্ত্রী তারেক রহমান গণমাধ্যমকে নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চার আহ্বান জানিয়ে বলেছেন, সংবাদ পরিবেশনে কোনো দল বা সরকারের প্রতি তোষামোদ নয়, বরং জনগণের কাছে প্রকৃত সত্য তুলে ধরা উচিত। একই সঙ্গে দেশের ইতিবাচক পরিবর্তন ও উন্নয়নের পথে গণমাধ্যমের গঠনমূলক ভূমিকার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
সোমবার সচিবালয়ে দেশের বিভিন্ন টেলিভিশন চ্যানেলের সিইও ও বার্তা সম্পাদকদের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। বৈঠকে সম্প্রচারমাধ্যমের আর্থিক সংকট, সাংবাদিকদের পেশাগত ঝুঁকি, চাকরির নিরাপত্তা এবং গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে আলোচনা হয়।
বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবু আব্দুল্লাহ এম ছালেহ শিবলী সাংবাদিকদের জানান, সমাজে মানবিক ও নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠায় গণমাধ্যমের ভূমিকা আরও জোরদার করতে সরকার একটি স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের উদ্যোগ নিয়েছে। এ বিষয়ে আগামী ১৮ জুন সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে একটি সংলাপ আয়োজন করা হবে। তাদের মতামতের ভিত্তিতে একটি কার্যকর নীতিমালা প্রণয়ন করা হলে খাতটির দীর্ঘদিনের সমস্যাগুলো সমাধান করা সহজ হবে বলে আশা প্রকাশ করা হয়।
অন্যদিকে, বৈঠকে অংশ নেওয়া গণমাধ্যম প্রতিনিধিরা টেলিভিশন খাতকে পূর্ণাঙ্গ শিল্প হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি জানান। পাশাপাশি নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন, সাংবাদিকদের চাকরির নিরাপত্তা নিশ্চিত করা এবং দ্রুত একটি কার্যকর গণমাধ্যম কমিশন গঠনের বিষয়েও গুরুত্বারোপ করেন তারা।
সিতাজি/এনইউ