স্পোর্টস ডেস্ক: চতুর্থ বিশ্বকাপ শিরোপা জয়ের মিশন দুর্দান্তভাবেই শুরু করেছে আর্জেন্টিনা। আলজেরিয়ার বিপক্ষে লিওনেল মেসির অনবদ্য হ্যাটট্রিকে ৩-০ গোলের জয় তুলে নিয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। একইসঙ্গে বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার রেকর্ডও স্পর্শ করেছেন আর্জেন্টাইন অধিনায়ক।
মঙ্গলবার রাতে কানসাস সিটির ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে আর্জেন্টিনা। ম্যাচের ১৭তম মিনিটে রদ্রিগো ডি পলের পাস থেকে বল পেয়ে বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে দলকে এগিয়ে দেন মেসি। আলজেরিয়ার গোলরক্ষক লুকা জিদান বল স্পর্শ করলেও তা জালে জড়ানো ঠেকাতে পারেননি।
১-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় আর্জেন্টিনা।
দ্বিতীয়ার্ধে আরও ভয়ংকর হয়ে ওঠেন মেসি। ৬০তম মিনিটে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের শট গোলরক্ষক ঠিকমতো নিয়ন্ত্রণ করতে না পারলে ফিরতি বলে সহজেই নিজের দ্বিতীয় গোল করেন তিনি। এতে বিশ্বকাপে তার গোলসংখ্যা দাঁড়ায় ১৫-তে।
এরপর ৭৬তম মিনিটে নিকো গঞ্জালেসের পাস থেকে বক্সের বাইরে থেকে অসাধারণ শটে হ্যাটট্রিক পূর্ণ করেন আটবারের ব্যালন ডি’অরজয়ী তারকা। এই গোলের মাধ্যমে বিশ্বকাপে তার মোট গোলসংখ্যা হয় ১৬, যা তাকে মিরোস্লাভ ক্লোসার পাশে বসিয়েছে সর্বোচ্চ গোলদাতার তালিকায়।
বিশ্বকাপ ইতিহাসে এটি মেসির প্রথম হ্যাটট্রিক। একইসঙ্গে আর্জেন্টিনার জার্সিতে নিজের ২০০তম আন্তর্জাতিক ম্যাচে ১১৮তম, ১১৯তম ও ১২০তম গোল করেন তিনি।
ম্যাচের শুরুতেই অবশ্য গোল পেয়েছিলেন মেসি। পঞ্চম মিনিটে বল জালে জড়ালেও অফসাইডের কারণে সেটি বাতিল হয়। পরে আলজেরিয়াও একবার বল জালে পাঠালেও একই কারণে তাদের গোলও বাতিল করা হয়।
হ্যাটট্রিকের পর ৭৯তম মিনিটে মেসিকে মাঠ থেকে তুলে নেওয়া হয়। তার জায়গায় নামেন তরুণ মিডফিল্ডার নিকো পাজ।
এই ম্যাচে আরও একটি বিশেষ মাইলফলক স্পর্শ করেন মেসি। বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপে অংশ নিলেন তিনি। এছাড়া আন্তর্জাতিক ফুটবলে নিজের ২০০তম ম্যাচ খেললেন আর্জেন্টাইন মহাতারকা। এর আগে এই কীর্তি গড়েছিলেন শুধু ক্রিস্টিয়ানো রোনাল্ডো এবং বদর আল-মুতাওয়া।
জয়ের ফলে গ্রুপ ‘জে’-তে দারুণ সূচনা পেল আর্জেন্টিনা। আগামী ম্যাচে অস্ট্রিয়ার মুখোমুখি হবে লিওনেল স্কালোনির দল। সেই ম্যাচে গোল করতে পারলে বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার একক রেকর্ড নিজের করে নেবেন লিওনেল মেসি।