সিতাজ ডেস্ক: বগুড়ার নবগঠিত দুটি ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের দুই ছেলের নামের সঙ্গে মিল থাকায় ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছিল, তার প্রেক্ষাপটেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়ার জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান। তিনি জানান, প্রধানমন্ত্রী মৌখিকভাবে নাম পরিবর্তনের প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিয়েছেন। তবে এ বিষয়ে এখনো কোনো লিখিত নির্দেশনা জেলা প্রশাসনের হাতে পৌঁছেনি।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন নাম নির্ধারণের জন্য সংশ্লিষ্ট ইউনিয়নগুলোতে আবারও গণশুনানির আয়োজন করা হবে। স্থানীয় জনগণের মতামতের ভিত্তিতেই নতুন নাম চূড়ান্ত করা হবে। পরে প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করে গেজেট প্রকাশ করা হবে।
গত ১১ জুন বগুড়ার শিবগঞ্জ ও নবগঠিত মোকামতলা উপজেলার প্রশাসনিক পুনর্গঠনের অংশ হিসেবে চারটি নতুন ইউনিয়ন গঠন করা হয়। এর মধ্যে ‘মীরবাড়ী’, ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ নামকরণ নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। অভিযোগ ওঠে, এসব নাম প্রতিমন্ত্রী মীর শাহে আলম ও তাঁর দুই ছেলের নামের সঙ্গে সম্পর্কিত।
যদিও প্রতিমন্ত্রী দাবি করেছিলেন, ভৌগোলিক অবস্থান ও স্থানীয় মতামতের ভিত্তিতেই ইউনিয়নগুলোর নাম নির্ধারণ করা হয়েছে এবং তাঁর পরিবারের নামের সঙ্গে মিল কেবল কাকতালীয়। তবে সামাজিক যোগাযোগমাধ্যম, রাজনৈতিক অঙ্গন এবং জাতীয় সংসদে বিষয়টি নিয়ে বিতর্ক অব্যাহত থাকে।
এ পরিস্থিতিতে প্রধানমন্ত্রী বিতর্কিত ইউনিয়নগুলোর নাম পরিবর্তনের উদ্যোগ নিতে নির্দেশ দিয়েছেন। জেলা প্রশাসন বলছে, নতুন নাম নির্ধারণে স্থানীয় জনগণের মতামতকেই সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।
সিতাজ/এস.টি