চন্দনাইশ প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার পশ্চিম হাছনদণ্ডী গ্রামের বিশিষ্ট সমাজসেবক, লেখক ও গবেষক, চন্দনাইশ প্রেস ক্লাব ১৯৮৪-এর প্রতিষ্ঠাতা ও বর্তমান প্রধান উপদেষ্টা পীর তরীকত হযরতুল আল্লামা আলহাজ্ব কাজী মাওলানা মুহাম্মদ মোজাহেরুল কাদের ফারুকীর মমতাময়ী মা মোহছেনা খাতুন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
পরিবার সূত্রে জানা যায়, গত ১৮ জুন সকাল সাড়ে ৮টায় তিনি নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্বামী, পাঁচ ছেলে, তিন মেয়ে, নাতি-নাতনি ও অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
একই দিন বাদ আসর হাছনদণ্ডী সিনিয়র মাদ্রাসা মাঠে মরহুমার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। জানাজার নামাজে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, আলেম-উলামা, রাজনৈতিক ব্যক্তিত্ব ও স্থানীয় জনসাধারণ অংশগ্রহণ করেন।
জানাজার পূর্বে বক্তব্য রাখেন পীরে কামেল আলহাজ্ব শাহ মাওলানা মফজল আহমদ, উত্তরপাড়া জামে মসজিদের সভাপতি আলহাজ্ব মাওলানা আবুল কাশেম, হাছনদণ্ডী এম রহমান সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবুল বশর ও অধ্যাপক মোহাম্মদ আলীসহ অন্যান্য ব্যক্তিবর্গ। জানাজার নামাজে ইমামতি করেন পীরে কামেল আলহাজ্ব শাহ মাওলানা আবদুল হালিম রশিদী।
মোহছেনা খাতুনের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে চন্দনাইশ মাদ্রাসা প্রধান সংসদ, বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন চন্দনাইশ উপজেলা শাখা, বাংলাদেশ সাংবাদিক সমিতি চন্দনাইশ উপজেলা শাখা এবং চন্দনাইশ প্রেস ক্লাবের নেতৃবৃন্দ। প্রেস ক্লাবের সভাপতি মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, সাধারণ সম্পাদক শওকত দাশ ও সকল সদস্য মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন।
মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনা করে তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন সর্বস্তরের মানুষ।
সিরাজ/এস.টি