G-VV5KW25M6F
Take a fresh look at your lifestyle.

পদ দেওয়ার প্রলোভন, এনসিপির দুই নেতার বিরুদ্ধে তরুণীর শ্লীলতাহানির অভিযোগ

0

নিউজ ডেস্ক: চট্টগ্রামে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই নেতার বিরুদ্ধে এক নারী কর্মীকে রাজনৈতিক পদ দেওয়ার আশ্বাস দেখিয়ে অনৈতিক প্রস্তাব ও শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে সংবাদ সম্মেলন করার পাশাপাশি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন অভিযোগকারী।

শুক্রবার নগরীর কাজীর দেউড়ি এলাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে ওই নারী জানান, তিনি জুলাই আন্দোলনের একজন সক্রিয় অংশগ্রহণকারী এবং এনসিপির সঙ্গে যুক্ত। তার দাবি, গত ১৪ জুন সাংগঠনিক আলোচনা ও পদ-পদবি সংক্রান্ত বৈঠকের কথা বলে তাকে নগরীর একটি অভিজাত হোটেলের রুফটপ বারে ডাকা হয়।

সেখানে গিয়ে তিনি এনসিপির কেন্দ্রীয় নেতা আবু সাঈদ মোহাম্মদ সুজা উদ্দিন এবং চট্টগ্রামের নেত্রী সাদিয়া আফরিনসহ কয়েকজনকে দেখতে পান। অভিযোগ অনুযায়ী, বৈঠকের পরিবেশ তাকে অস্বস্তিতে ফেলে এবং বিভিন্ন অনাকাঙ্ক্ষিত প্রস্তাব ও আচরণের মুখোমুখি হতে হয়। একপর্যায়ে পরিস্থিতি অনুকূল না মনে হওয়ায় তিনি সেখান থেকে চলে যান।

ভুক্তভোগীর দাবি, রাজনৈতিক পদ ও সাংগঠনিক সুবিধার প্রলোভন দেখিয়ে তাকে প্রভাবিত করার চেষ্টা করা হয়েছিল। পরে তিনি বিষয়টি নিয়ে আইনগত পদক্ষেপ হিসেবে চকবাজার থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

চকবাজার থানার তদন্ত কর্মকর্তা এসআই মো. মেহেদী হাসান সৈকত জিডি হওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

অন্যদিকে অভিযুক্ত পক্ষ অভিযোগকে ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছে। তাদের বক্তব্য, অভিযোগকারী স্বল্প সময়ের জন্য সেখানে উপস্থিত ছিলেন এবং ঘটনাটি ভিন্নভাবে উপস্থাপন করা হচ্ছে।

এ ঘটনায় সংশ্লিষ্ট হোটেলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। তদন্ত শেষে প্রকৃত ঘটনা সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

সিতাজ/এস.টি

Leave A Reply

Your email address will not be published.