বাঁশখালী প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা এর একটি মসজিদ থেকে ঝুলন্ত অবস্থায় এক ইমামের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
নিহত মোহাম্মদ আমির হোসেন (৪০) দীর্ঘ ১৩ বছর ধরে রাজা মিয়া সৌদাগর জামে মসজিদএ ইমাম হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তার বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলা এলাকায়।
মঙ্গলবার রাতে মসজিদের দ্বিতীয় তলায় তার কক্ষ থেকে মরদেহ উদ্ধার করা হয়। মসজিদ পরিচালনা কমিটির সদস্যদের ভাষ্য অনুযায়ী, আসরের নামাজে তিনি ইমামতি করলেও মাগরিব ও এশার নামাজে উপস্থিত ছিলেন না। দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর তার কক্ষের জানালা দিয়ে তাকিয়ে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পান স্থানীয়রা।
প্রত্যক্ষদর্শীদের মতে, কক্ষের ভেতরে ফ্যানের সঙ্গে কাপড় পেঁচানো অবস্থায় মরদেহ ঝুলছিল এবং নিচে একটি মই পড়ে ছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু করে।
মসজিদ কর্তৃপক্ষ জানিয়েছে, কক্ষ থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। সেখানে পারিবারিক সমস্যার ইঙ্গিত পাওয়া গেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে এখনই নিশ্চিত কিছু বলা যাচ্ছে না।
পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
সিতাজ/এস.টি