আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ-এর সঙ্গে তেহরানে বৈঠক করেছেন। শুক্রবার ইরানের রাজধানীতে অনুষ্ঠিত এ বৈঠকে দুই দেশের সম্পর্ক, আঞ্চলিক শান্তি ও কূটনৈতিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়।
বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রাষ্ট্রীয় শোক কর্মসূচির ফাঁকে অনুষ্ঠিত এ বৈঠকে গালিবাফ বাংলাদেশ প্রতিনিধিদলকে স্বাগত জানান। হাফিজ উদ্দিন বাংলাদেশের সরকার ও জনগণের পক্ষ থেকে ইরানের সরকার ও জনগণের প্রতি সংহতি প্রকাশ করেন এবং দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও সাংস্কৃতিক যোগাযোগের কথা তুলে ধরেন।
বৈঠকে তিনি সাম্প্রতিক ইরান-যুক্তরাষ্ট্র শান্তি উদ্যোগে গালিবাফের গঠনমূলক ভূমিকার প্রশংসা করেন এবং আশা প্রকাশ করেন যে এ ধরনের কূটনৈতিক প্রচেষ্টা মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ও শান্তি প্রতিষ্ঠায় সহায়ক হবে। একই সঙ্গে সংলাপ ও আলোচনার মাধ্যমে বিরোধপূর্ণ বিষয়গুলোর টেকসই সমাধানের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
বাংলাদেশের স্পিকার সুবিধাজনক সময়ে গালিবাফকে বাংলাদেশ সফরের আমন্ত্রণও জানান।
রাষ্ট্রীয় কর্মসূচিতে অংশ নিতে হাফিজ উদ্দিন আহমদ বৃহস্পতিবার তেহরানে পৌঁছান। বিমানবন্দরে তাকে ইরানের পার্লামেন্টের ডেপুটি স্পিকার হামিদ রেজা হাজি বাবাই স্বাগত জানান। তার শনিবার দেশে ফেরার কথা রয়েছে।
সিতাজ/এস.টি