মূল সংবাদে ফিরুন

Ctaj24.com

Latest Bangla news from chittagong

Ctaj24.com প্রিন্ট সংস্করণ ·

১০৭ জনের হাতে মোবাইল তুলে দিল চট্টগ্রাম জেলা পুলিশ

প্রকাশ:
প্রযুক্তি

দোলোয়ার হোসেন রশিদী,লোহাগাড়া প্রতিনিধি : হাতের প্রিয় স্মার্টফোনটি হারিয়ে যাওয়ার পর আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন তারা। ভেবেছিলেন হয়তো চিরতরে হারিয়ে গেছে যোগাযোগের মাধ্যম ও প্রয়োজনীয় ডেটাভরা ফোনটি। কিন্তু চট্টগ্রাম জেলা পুলিশের আন্তরিকতা ও উন্নত প্রযুক্তির সহায়তায় শেষ পর্যন্ত সেই হারিয়ে যাওয়া ফোনগুলো ফিরে এলো প্রকৃত মালিকদের হাতে।
​চট্টগ্রাম জেলার বিভিন্ন থানা এলাকা থেকে হারিয়ে যাওয়া ১০৭টি মোবাইল ফোন উদ্ধার করে মূল মালিকদের কাছে হস্তান্তর করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

​মঙ্গলবার (২৭ অক্টোবর) নগরের নাসিরাবাদে অবস্থিত পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক আবেগঘন অনুষ্ঠানে উদ্ধারকৃত ফোনগুলো প্রকৃত মালিকদের হাতে তুলে দেন চট্টগ্রাম জেলার পুলিশ সুপার (এসপি) মো. মাসুদ আলম, বিপিএম।
​জেলা পুলিশ সূত্রে জানা গেছে, চট্টগ্রাম জেলার ১৭টি থানায় বিভিন্ন সময়ে মোবাইল ফোন হারানো সংক্রান্ত সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল। পুলিশ সুপার মো. মাসুদ আলমের প্রত্যক্ষ দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এসব জিডি পর্যালোচনা করে বিশেষ তদন্ত শুরু করে। পরবর্তীতে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তৎপরতার সমন্বয়ে দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে হারিয়ে যাওয়া ১০৭টি ফোন সফলভাবে উদ্ধার করতে সক্ষম হয় ডিবি পুলিশ।

​হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মো. মাসুদ আলম বলেন, “জনগণের সম্পদ রক্ষা ও জনমুখী সেবা নিশ্চিত করাই জেলা পুলিশের প্রধান লক্ষ্য। তথ্যপ্রযুক্তির আধুনিক ব্যবহারের মাধ্যমে আমরা সাধারণ মানুষের হারিয়ে যাওয়া আমানত দ্রুত ফিরিয়ে দেওয়ার চেষ্টা করছি। জনগণের আস্থা অর্জনই পুলিশি সেবার মূল ভিত্তি, এবং এ ধরনের সেবামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

​হারানো মোবাইল ফোন ফেরত পেয়ে উপকারভোগীরা আবেগাপ্লুত হয়ে পড়েন। পুলিশ প্রশাসনের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে এক ভুক্তভোগী বলেন, “ফোনটি ফিরে পাব কখনো কল্পনাও করিনি। ডিবির এই তৎপরতা পুলিশি সেবার ওপর আমাদের আস্থা বহুলাংশে বাড়িয়ে দিয়েছে।

Loading

Powered by Done 5 Technologies