বুধবার, ১১ নভেম্বর ২০২৬
সদ্য সংবাদ
৪০ লাখ জাল সিগারেটের স্ট্যাম্প, ৪৬ কোটি টাকা রাজস্ব ফাঁকির চেষ্টালিডার্স লাউঞ্জে বিশ্বনেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছা বিনিময়স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন শফিকুর রহমান৮ নভেম্বর আগ্রাবাদ শাহ্ মজিদিয়া ইসলামী কমপ্লেক্সের মাসিক ত্বরিকত বৈঠকশিক্ষকতা ও মানবিক জীবনদর্শনে কবি কুতুবউদ্দিন বখতেয়ারআসামে ১১০০ বাঙালি মুসলিম পরিবার উচ্ছেদ সম্মিলিত মুসলিম কণ্ঠের প্রতিবাদস্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে জাপানি ফাউন্ডেশনের প্রতি জুবাইদার আহ্বানগ্রীন চট্টগ্রাম গড়তে ১০ লক্ষ গাছ লাগানোর লক্ষ্য পূরণ করতে হবে: প্রশাসক ডা. শাহাদাত
আওয়ামী লীগ জাতীয় টপ নিউজ

শেখ হাসিনা ফিরতে চাইলে বাধা কোথায়, প্রশ্ন তথ্য উপদেষ্টার

তথ্য উপদেষ্টা
তথ্য উপদেষ্টা
শেয়ার করুন:

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ভারত সরকারের কোনো সমস্যা থাকার কথা নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান। অন্যদিকে, মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রীকে বাংলাদেশ সরকারের পাসপোর্ট বা ট্রাভেল পাস দেওয়া বিচারের সঙ্গে ‘মকারি’র শামিল হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলি মো. আমিনুল ইসলাম।

মঙ্গলবার (১০ নভেম্বর) সচিবালয়ে সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা বলেন, বাংলাদেশ সরকার শেখ হাসিনাকে প্রত্যর্পণের মাধ্যমে দেশে ফিরিয়ে আনতে চায়। তিনি বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ সরকারের রয়েছে এবং তাকে ফিরিয়ে আনার জন্য আইনি ও কূটনৈতিক প্রক্রিয়া অনুসরণ করা হবে।

শেখ হাসিনা পাসপোর্ট বা জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করেছেন কি না এবং তাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে সরকারের অবস্থান কী—এমন প্রশ্নের জবাবে জাহেদ উর রহমান বলেন, সরকার তাকে প্রত্যর্পণের মাধ্যমে দেশে আনতে চায়।

প্রত্যর্পণ নিয়ে আইনি জটিলতার বিষয়ে প্রশ্ন উঠলে তিনি বলেন, শেখ হাসিনা নিজেই দেশে ফিরতে চাইলে প্রত্যর্পণ প্রক্রিয়ায় ভারতের আপত্তির কারণ থাকার কথা নয়। তার ভাষায়, যাকে প্রত্যর্পণ করার কথা, তিনিই যদি আসতে চান, তাহলে ভারতের পক্ষ থেকে আইনি জটিলতার বিষয়টি সামনে আসার কথা নয়।

শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের বিষয়ে একটি আইনি প্রতিষ্ঠানের চিঠি পাঠানোর প্রসঙ্গেও কথা বলেন তথ্য উপদেষ্টা। তিনি জানান, দিল্লিতে বাংলাদেশের প্রেস মিনিস্টার একটি ল ফার্মের কাছ থেকে চিঠি পাওয়ার বিষয়টি জানিয়েছেন। ওই চিঠিতে শেখ হাসিনার পাসপোর্ট দেওয়ার ব্যবস্থা করার অনুরোধ জানানো হয়েছে। তবে শেখ হাসিনা নিজে কোনো আবেদন করেননি বলে জানান তিনি।

জাহেদ উর রহমানের মতে, ল ফার্মের মাধ্যমে চিঠি পাঠানো আওয়ামী লীগের কোনো কৌশলও হতে পারে। তিনি আরও বলেন, শেখ হাসিনার ভারতে অবস্থানের বিষয়টি ভারত সরকার স্বীকার করেছে। বাংলাদেশ সরকার কূটনৈতিক চ্যানেলে একাধিকবার তাকে ফেরত চেয়েছে।

তথ্য উপদেষ্টা বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে রাষ্ট্র হিসেবে বাংলাদেশের প্রত্যর্পণ চাওয়ার অধিকার রয়েছে। তবে তাকে ফেরত আনার জন্য নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করতে হবে। এ ক্ষেত্রে ভারতের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ ও আলোচনা গুরুত্বপূর্ণ।

দণ্ডিত ব্যক্তিকে পাসপোর্ট দেওয়ার সুযোগ নেই: প্রধান কৌঁসুলি

এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলি মো. আমিনুল ইসলাম বলেছেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত ও বিচার এড়িয়ে পলাতক শেখ হাসিনাকে বাংলাদেশ সরকার পাসপোর্ট বা ট্রাভেল পাস দিলে তা বিচারব্যবস্থার সঙ্গে মশকরা করার শামিল হবে। পাসপোর্ট আইনে দণ্ডিত ও পলাতক ব্যক্তিকে পাসপোর্ট দেওয়ার সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।

বাংলাদেশ পাসপোর্ট অর্ডার, ১৯৭৩-এর ৬ অনুচ্ছেদ উল্লেখ করে প্রধান কৌঁসুলি বলেন, কোনো ব্যক্তি পাসপোর্টের আবেদনের আগের পাঁচ বছরের মধ্যে নৈতিক স্খলনজনিত অপরাধে কমপক্ষে দুই বছরের কারাদণ্ডে দণ্ডিত হলে তাকে পাসপোর্ট দিতে অস্বীকৃতি জানানোর সুযোগ রয়েছে। একই অনুচ্ছেদে ফৌজদারি মামলার বিচার এড়ানোর চেষ্টা কিংবা আদালতের দেশত্যাগে নিষেধাজ্ঞা থাকলেও পাসপোর্ট না দেওয়ার বিধান রয়েছে।

আমিনুল ইসলাম বলেন, মানবতাবিরোধী অপরাধ নৈতিক স্খলনজনিত অপরাধের অন্তর্ভুক্ত। এ কারণে শেখ হাসিনার পাসপোর্ট বাতিল করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

সংবিধানের ৩৬ অনুচ্ছেদে নাগরিকের বিদেশে যাওয়া এবং দেশে ফেরার অধিকার প্রসঙ্গে তিনি বলেন, দণ্ডিত বা পলাতক ব্যক্তির ক্ষেত্রে এই অধিকার কীভাবে প্রযোজ্য হবে, তা বিবেচনার বিষয়।

শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি এবং তাকে দেশে ফিরিয়ে আনার জন্য নেওয়া পদক্ষেপের কথাও তুলে ধরেন প্রধান কৌঁসুলি। তার অভিযোগ, বিচার চলাকালে শেখ হাসিনা দেশে ফিরে মামলার মুখোমুখি হননি এবং তার বিরুদ্ধে চলমান মামলাগুলো এড়িয়ে গেছেন।

একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে সরকার কীভাবে পাসপোর্ট বা ট্রাভেল পাস দিতে পারে—এমন প্রশ্ন তুলে আমিনুল ইসলাম বলেন, রাষ্ট্রের পক্ষ থেকে এমন নথি ইস্যু করা হলে তা বিচারের সঙ্গে মশকরা করার শামিল হবে।

তবে ভারতের বর্তমান পরিস্থিতিতে প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত আনা সম্ভব কি না, সে বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের সরাসরি জবাব দেননি প্রধান কৌঁসুলি। একইভাবে পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র বাতিলের পর তার নাগরিকত্বের অবস্থা এবং সেই অবস্থায় বিচার পরিচালনার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি প্রশ্নটিকে বিভ্রান্তিকর বলে মন্তব্য করেন।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের ২১(৩) ধারা উল্লেখ করে আমিনুল ইসলাম আরও বলেন, ট্রাইব্যুনালের রায় ঘোষণার ৩০ দিনের মধ্যে আপিল করতে হয়। নির্ধারিত সময়ের মধ্যে শেখ হাসিনা আপিল করেননি বলে তার মতে, এখন আর আপিলের আইনগত সুযোগ নেই।

প্রত্যর্পণের মাধ্যমে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে সরকারের কূটনৈতিক অবস্থান এবং পাসপোর্ট ইস্যু নিয়ে প্রধান কৌঁসুলির বক্তব্যের মধ্য দিয়ে বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।

সিতাজ২৪.কম/ এস.টি

Loading

Powered by Done 5 Technologies