৪০ লাখ জাল সিগারেটের স্ট্যাম্প, ৪৬ কোটি টাকা রাজস্ব ফাঁকির চেষ্টা
প্রিন্টিং মেশিন আমদানির ঘোষণা দিয়ে চট্টগ্রাম বন্দরে আনা হয়েছিল জাল সিগারেটের স্ট্যাম্প ও বিপুল পরিমাণ প্রসাধনী। একটি কন্টেইনারে অভিযান চালিয়ে ৪০ লাখ ৮০ হাজার পিস জাল স্ট্যাম্পসহ কোটি টাকার প্রসাধনী জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি) ও চট্টগ্রাম কাস্টম হাউসের এআইআর শাখা।
প্রাথমিক হিসাব অনুযায়ী, চালানটির মাধ্যমে প্রায় ৪৬ কোটি টাকার সরকারি রাজস্ব ফাঁকির চেষ্টা নস্যাৎ হয়েছে। এর মধ্যে জাল সিগারেটের স্ট্যাম্প ব্যবহার করে প্রায় ৪৩ কোটি ৫০ লাখ টাকা এবং প্রসাধনী সামগ্রী আমদানিতে প্রায় ২ কোটি ৫০ লাখ টাকার শুল্ক ফাঁকির আশঙ্কা রয়েছে।
কাস্টমস সূত্রে জানা গেছে, ঢাকার যমুনা ফিউচার পার্কের লেভেল-৩, ব্লক-এ, শপ নম্বর 3C004A ঠিকানার ‘চায়না মার্ট’ নামের একটি প্রতিষ্ঠান চালানটির আমদানিকারক। গত ৯ আগস্ট কন্টেইনারটি চট্টগ্রাম বন্দরে পৌঁছায়। আমদানি-সংক্রান্ত নথিতে পণ্য হিসেবে শুধু ‘প্রিন্টিং মেশিন’ উল্লেখ করা হয়েছিল।
গোপন সংবাদের ভিত্তিতে গত ৫ নভেম্বর এনবিআরের সিআইসি ও চট্টগ্রাম কাস্টম হাউসের এআইআর শাখার কর্মকর্তারা যৌথভাবে কন্টেইনারটির কায়িক পরীক্ষা করেন। এ সময় ঘোষিত প্রিন্টিং মেশিনের পরিবর্তে ভেতরে বিপুল পরিমাণ প্রসাধনী সামগ্রী পাওয়া যায়। পাশাপাশি বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ছিল ৪০ লাখ ৮০ হাজার পিস জাল সিগারেটের স্ট্যাম্প।
কাস্টমস কর্মকর্তারা জানান, উদ্ধার করা জাল স্ট্যাম্পগুলো নিম্নস্তরের ২০ শলাকার সিগারেটের প্যাকেটে ব্যবহারের উপযোগী। বর্তমানে বাজারে এ ধরনের এক প্যাকেট সিগারেটের নির্ধারিত খুচরা মূল্য ১৩০ টাকা। এর বিপরীতে সরকার রাজস্ব পায় ১০৬ টাকা ৬০ পয়সা।
কাস্টমসের হিসাব অনুযায়ী, জব্দ করা স্ট্যাম্পগুলো ব্যবহার করে অবৈধভাবে সিগারেট বাজারজাত করা হলে সরকারের প্রায় ৪৩ কোটি ৫০ লাখ টাকার রাজস্ব ক্ষতি হতে পারত। অন্যদিকে, চালানে থাকা প্রসাধনী সামগ্রী থেকে প্রায় ২ কোটি ৫০ লাখ টাকার শুল্ক ফাঁকির তথ্য পাওয়া গেছে। দুই খাত মিলিয়ে সম্ভাব্য রাজস্ব ক্ষতির পরিমাণ প্রায় ৪৬ কোটি টাকা।
এ বিষয়ে চট্টগ্রাম কাস্টম হাউসের ডেপুটি কমিশনার মো. তারেক মাহমুদ জানান, এনবিআরের সিআইসি ও কাস্টমসের এআইআর শাখার যৌথ অভিযানে চালানটি আটক করা হয়েছে এবং কায়িক পরীক্ষা সম্পন্ন হয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্ত করা এবং শুল্ক-কর ফাঁকিসহ অন্যান্য অপরাধের বিস্তারিত উল্লেখ করে চূড়ান্ত প্রতিবেদন তৈরির কাজ চলছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, আমদানি-রপ্তানি বাণিজ্যে পণ্যের ভুল ঘোষণা দিয়ে শুল্ক ফাঁকি এবং অবৈধ পণ্য বাজারজাতকরণ প্রতিরোধে কাস্টমসের গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।
সিতাজ২৪.কম/এস.টি
![]()