মূল সংবাদে ফিরুন

Ctaj24.com

Latest Bangla news from chittagong

Ctaj24.com প্রিন্ট সংস্করণ ·

টিআরপি শিকারিদের হেদায়েত কামনা অনন্ত জলিলের

প্রকাশ:
অনন্ত জলিল
অনন্ত জলিল

ব্যবসায়িক সংকট, ব্যাংক ঋণ ও কারখানা বন্ধের খবর নিয়ে আলোচনার মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অবস্থান তুলে ধরেছেন ঢালিউড অভিনেতা ও প্রযোজক অনন্ত জলিল। যারা তার জন্য দোয়া করছেন ও ইতিবাচক কনটেন্ট প্রকাশ করছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। একই সঙ্গে টিআরপির জন্য তাকে নিয়ে কনটেন্ট তৈরি করা ব্যক্তিদের উদ্দেশে দিয়েছেন বিশেষ বার্তা।

শুক্রবার (১৩ নভেম্বর) নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব কথা জানান অনন্ত জলিল।

পোস্টের শুরুতে পবিত্র কোরআনের সুরা ফাতিহার আয়াতের অংশ ‘ইয়্যাকা না’বুদু ওয়া ইয়্যাকা নাসতা’ঈন’ উল্লেখ করেন তিনি। এর অর্থ, ‘আমরা কেবল আল্লাহরই ইবাদত করি এবং তাঁর কাছেই সাহায্য প্রার্থনা করি।’

এরপর ‘হাসবুনাল্লাহু ওয়া নি’মাল ওয়াকিল’ লিখে আল্লাহর ওপর ভরসার কথা তুলে ধরেন এই অভিনেতা। এর অর্থ, আল্লাহই আমাদের জন্য যথেষ্ট এবং তিনি উত্তম সাহায্যকারী ও কার্যসম্পাদনকারী।

শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা অনন্ত জলিলের

ফেসবুক পোস্টে অনন্ত জলিল বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে যারা তার জন্য দোয়া করেছেন, ইতিবাচক পোস্ট দিয়েছেন এবং ভালো ভিডিও প্রকাশ করেছেন, তাদের সবার প্রতি তার কৃতজ্ঞতা ও ভালোবাসা রয়েছে।

তিনি আরও জানান, কঠিন সময়ে যারা ইতিবাচকভাবে তার পাশে দাঁড়িয়েছেন, তাদের সহযোগিতা ও ভালোবাসাকে তিনি সম্মানের সঙ্গে দেখছেন।

টিআরপির জন্য কনটেন্ট নির্মাতাদের উদ্দেশে বিশেষ বার্তা

অন্যদিকে, তাকে নিয়ে টিআরপির জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন কনটেন্ট তৈরি করা ব্যক্তিদেরও ধন্যবাদ জানিয়েছেন অনন্ত জলিল। তবে তাদের জন্য আল্লাহর কাছে হেদায়েত কামনা করেছেন তিনি।

নিজের পোস্টে এই অভিনেতা লেখেন, ‘যারা সোশ্যাল মিডিয়াতে আমার জন্য দোয়া করেছেন, অনেকেই ভালো ভালো পোস্ট করেছেন এবং পজেটিভ ভিডিও আপলোড করেছেন তাদের প্রতি রইল আমার কৃতজ্ঞতা ও ভালোবাসা। আর যারা টিআরপির জন্য সোশ্যাল মিডিয়াতে কাজ করেছেন আপনাদের সবার প্রতি রইল আমার আন্তরিক ধন্যবাদ। আল্লাহর নিকট আপনাদের জন্য দোয়া করি যেন আল্লাহ তাআলা আপনাদেরকে হেদায়েত দান করেন।’

অনন্ত জলিলের এই ফেসবুক পোস্ট ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।

সিতাজ২৪.কম/এস.টি

Loading

Powered by Done 5 Technologies