নাগরিকদের প্রয়োজনীয় সব সেবা নিশ্চিত করতে রাষ্ট্রের পাশাপাশি বেসরকারি ও স্বেচ্ছাসেবী সেবামূলক প্রতিষ্ঠানের বিকাশ জরুরি বলে মন্তব্য করেছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও পিপিআরসির নির্বাহী চেয়ারম্যান হোসেন জিল্লুর রহমান। তাঁর মতে, রাষ্ট্রের বাইরে থেকেও নিজস্ব উদ্যোগে বিকেন্দ্রীকৃত ও টেকসই সেবা কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে বাংলাদেশ ডায়াবেটিক সমিতি একটি অনুকরণীয় উদাহরণ।
বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে বাংলাদেশ ডায়াবেটিক সমিতি আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শনিবার দুপুর সাড়ে ১২টায় রাজধানীর বারডেম অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
হোসেন জিল্লুর রহমান বলেন, বাংলাদেশ ডায়াবেটিক সমিতি একটি সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে গড়ে ওঠার পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চলে তাদের কার্যক্রম বিস্তৃত করেছে। উন্নয়নশীল দেশগুলোর জন্য এ উদ্যোগ শিক্ষণীয়। রাষ্ট্রের বাইরে থেকেও কীভাবে একটি প্রতিষ্ঠান নিজস্ব উদ্যোগে এবং বিকেন্দ্রীকৃত ব্যবস্থায় দীর্ঘমেয়াদে সেবা দিতে পারে, সমিতিটি তার উদাহরণ।
তিনি আরও বলেন, এ ধরনের প্রতিষ্ঠান শুধু ডায়াবেটিসের চিকিৎসা ও সেবায় নয়, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধসহ সমাজের বিভিন্ন ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ কারণে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির কার্যক্রমকে একটি কেস স্টাডি হিসেবে বিবেচনা করা যেতে পারে।
ডায়াবেটিস প্রতিরোধে সচেতনতা বাড়ানোর আহ্বান
ডায়াবেটিস প্রতিরোধে আগাম সচেতনতার ওপর গুরুত্ব দিয়ে হোসেন জিল্লুর রহমান বলেন, রোগ হওয়ার আগে, রোগ শনাক্তের সময় এবং রোগ হওয়ার পর—প্রতিটি পর্যায়েই সচেতনতা প্রয়োজন। তবে রোগ হওয়ার আগেই সচেতনতা তৈরিতে চিকিৎসকদের পাশাপাশি শিক্ষক, স্থানীয় সরকার ও সমাজের অন্যান্য পক্ষকে সম্পৃক্ত করতে হবে।
তিনি বলেন, স্কুল পর্যায়ে স্বাস্থ্যসেবা ও সচেতনতামূলক কার্যক্রম জোরদার করার সুযোগ রয়েছে। একই সঙ্গে স্থানীয় সরকারকে নিজ নিজ এলাকার স্বাস্থ্য পরিস্থিতির বিষয়ে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
বাংলাদেশ ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠাতা জাতীয় অধ্যাপক মোহাম্মদ ইব্রাহিমের দূরদর্শী উদ্যোগের প্রশংসা করে তিনি বলেন, ১৯৫৬ সালে যে স্বপ্ন নিয়ে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়েছিল, উত্তরসূরিদের হাত ধরে তা আরও বিস্তৃত হয়েছে।
প্রাথমিক স্বাস্থ্যসেবাকে সাংবিধানিক অধিকার হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে আইন প্রণয়নের উদ্যোগের কথা উল্লেখ করে তিনি বলেন, দেশের লক্ষ্য কেবল রোগ নিয়ন্ত্রণ নয়; বরং মানুষকে সুস্বাস্থ্যের অধিকারী করে একটি সুস্থ বাংলাদেশ গড়ে তোলা।
প্রি-ডায়াবেটিস পর্যায়েই রোগ শনাক্তের তাগিদ
আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি জাতীয় অধ্যাপক এ কে আজাদ খান। তিনি বলেন, ডায়াবেটিসের লক্ষণ প্রকাশ পাওয়ার অপেক্ষা না করে আগেই পরীক্ষা ও সচেতন হওয়া জরুরি। বিশেষ করে টাইপ-২ ডায়াবেটিসের প্রাথমিক পর্যায়ে সাধারণত কোনো লক্ষণ দেখা যায় না।
তিনি আরও বলেন, রোগের জটিলতা দেখা দেওয়ার পর চিকিৎসা ব্যয়বহুল হয়ে ওঠে। অনেক ক্ষেত্রে এসব জটিলতা আগের অবস্থায় ফিরিয়ে নেওয়াও সম্ভব হয় না। তাই প্রি-ডায়াবেটিস পর্যায়েই রোগ শনাক্ত করে প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা জরুরি।
টাইপ-১ ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের জন্য ইনসুলিনের সহজলভ্যতা নিশ্চিত করার দাবি জানিয়ে এ কে আজাদ খান বলেন, ইনসুলিন বেঁচে থাকার জন্য অপরিহার্য একটি হরমোন। টাইপ-১ ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের জীবনধারণের জন্য ইনসুলিনের ওপর নির্ভর করতে হয়। তাই তাদের জন্য ইনসুলিন নিশ্চিত করা শুধু চিকিৎসার বিষয় নয়, এটি সমাজেরও দায়িত্ব।
আলোচনায় আরও যারা বক্তব্য দেন
সভায় আরও বক্তব্য দেন বাংলাদেশ ডায়াবেটিক সমিতির মহাসচিব মোহাম্মদ সাইফ উদ্দিন, বারডেম জেনারেল হাসপাতালের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাছির উদ্দীন আহমেদ এবং বারডেম হাসপাতাল প্রশাসনের ভারপ্রাপ্ত যুগ্ম পরিচালক ফারজানা বি ইব্রাহিম।
সিতাজ.২৪কম/এস.টি
![]()



