মূল সংবাদে ফিরুন

Ctaj24.com

Latest Bangla news from chittagong

Ctaj24.com প্রিন্ট সংস্করণ ·

গ্রামীণ ব্যাংকে হামলা নিয়ে জাতিসংঘের উদ্বেগ, সুষ্ঠু তদন্তের আহ্বান

প্রকাশ:
গ্রামীণ ব্যাংকের শাখায় হামলার ঘটনায় জাতিসংঘের উদ্বেগ
গ্রামীণ ব্যাংকের শাখায় হামলার ঘটনায় জাতিসংঘের উদ্বেগ

আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশে গ্রামীণ ব্যাংকের ২০টির বেশি শাখায় হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। সংস্থাটি বলেছে, দেশে সংঘটিত সব ধরনের সহিংসতার ঘটনা জাতীয় কর্তৃপক্ষের মাধ্যমে পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করতে হবে। একই সঙ্গে শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকার স্বীকার করলেও প্রতিবাদের নামে সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছে সংস্থাটি।

সোমবার (১৬ নভেম্বর) জাতিসংঘ মহাসচিবের উপমুখপাত্র ফারহান হক নিয়মিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। জাতিসংঘের প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে তাঁর বক্তব্য তুলে ধরা হয়েছে।

সংবাদ সম্মেলনে এক সাংবাদিক বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি তুলে ধরে বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থকেরা গ্রামীণ ব্যাংকের এক ডজনের বেশি শাখায় হামলা করেছেন। শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠিত এই ব্যাংককে তাঁর প্রতি ক্ষোভের কারণে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে মনে হচ্ছে। এ ঘটনাকে জাতিসংঘ বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় হিসেবে দেখছে কি না, তা জানতে চান ওই সাংবাদিক।

জবাবে ফারহান হক বলেন, ‘আমরা মনে করি, সব ধরনের সহিংসতার ঘটনা জাতীয় কর্তৃপক্ষের মাধ্যমে পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করা উচিত। আমরা অবশ্যই মনে করি যে, বিক্ষোভকারীদের শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করার অধিকার রয়েছে; তবে আমরা জোর দিয়ে বলতে চাই, প্রতিবাদ অবশ্যই শান্তিপূর্ণ হতে হবে।’

জাতিসংঘের এই বক্তব্যে বাংলাদেশের সাম্প্রতিক সহিংস পরিস্থিতি নিয়ে সংস্থাটির অবস্থান স্পষ্ট হয়েছে। বিশেষ করে, যেকোনো ধরনের হামলার নিরপেক্ষ তদন্ত এবং শান্তিপূর্ণ প্রতিবাদের ওপর গুরুত্ব দিয়েছে আন্তর্জাতিক সংস্থাটি।

উল্লেখ্য, গ্রামীণ ব্যাংক বাংলাদেশের একটি ক্ষুদ্রঋণ প্রদানকারী প্রতিষ্ঠান। এর প্রতিষ্ঠাতা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ২০০৬ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন। ২০২৪ সালে তিনি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব পালন করেন।

সিতাজ২৪.কম/এস.টি

Loading

Powered by Done 5 Technologies