মূল সংবাদে ফিরুন

Ctaj24.com

Latest Bangla news from chittagong

Ctaj24.com প্রিন্ট সংস্করণ ·

রামদা-কুড়াল নিয়ে টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মহড়া, ছয় স্থানে সড়ক অবরোধ

প্রকাশ:
টুঙ্গিপাড়ায় দেশীয় অস্ত্র নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীদের মহড়া

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় রামদা, চায়নিজ কুড়ালসহ দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দিচ্ছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা। বুধবার সকাল থেকে গোপালগঞ্জ–টুঙ্গিপাড়া সড়কের ছয়টি স্থানে গাছ ও বাঁশ ফেলে অবরোধ সৃষ্টি করা হয়েছে। এতে সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে গেছে। অস্ত্র হাতে মহড়ার ছবি তুলতে গেলে সাংবাদিকদের বাধা দেওয়ার অভিযোগও উঠেছে।

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে টুঙ্গিপাড়ার পাটগাতী বাজারে গিয়ে দেখা যায়, কয়েকজন যুবক রামদা ও চায়নিজ কুড়ালসহ দেশীয় অস্ত্র নিয়ে অবস্থান করছেন। তাঁরা নিষিদ্ধ ছাত্রলীগের টুঙ্গিপাড়া উপজেলার বিভিন্ন কমিটির নেতা-কর্মী বলে পরিচয় পাওয়া গেছে।

নাম প্রকাশ না করার শর্তে তাঁদের একজন জানান, ১৯ নভেম্বরের ‘লকডাউন’ কর্মসূচি বাস্তবায়নের জন্য তাঁরা মাঠে রয়েছেন।

সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত গোপালগঞ্জ–টুঙ্গিপাড়া সড়কের পাটগাতী, গিমাডাঙ্গা ও কুশলী এলাকা ঘুরে একই ধরনের পরিস্থিতি দেখা যায়। পাটগাতী থেকে প্রায় তিন কিলোমিটার দূরের গিমাডাঙ্গা এবং ছয় কিলোমিটার দূরের কুশলী এলাকাতেও সড়ক অবরোধ করে মহড়া দিচ্ছিলেন নেতা-কর্মীরা।

সড়ক অবরোধের ছবি তুলতে দেওয়া হলেও দেশীয় অস্ত্র হাতে মহড়ার ছবি তুলতে গেলে সাংবাদিকদের বাধা দেওয়া হয়। ওই তিনটি এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি দেখা যায়নি। এ ছাড়া খালেকবাজার, সিঙ্গিপাড়া ও মালেকবাজার এলাকাতেও সড়ক অবরোধের খবর পাওয়া গেছে।

আগের রাতে থানায় হামলা, পুড়েছে পুলিশের ৯ গাড়ি

এর আগে মঙ্গলবার সন্ধ্যার পর টুঙ্গিপাড়া থানায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। হামলাকারীরা থানার ভেতরে থাকা পুলিশের নয়টি গাড়ি ও ১৫টি মোটরসাইকেলে আগুন দেন। একই রাতে গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতেও অগ্নিসংযোগ করা হয়। বিজিবির একটি গাড়িও পুড়িয়ে দেওয়া হয় বলে জানা গেছে।

স্থানীয় একাধিক সূত্রের ভাষ্য, পুলিশের ওপর হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় জড়িত থাকার অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মীকে মঙ্গলবার সন্ধ্যার দিকে টুঙ্গিপাড়া উপজেলা পরিষদ চত্বরের আশপাশ থেকে আটক করা হয়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমরানুল কবিরের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান চালায়।

এ সময় একটি দোকানে ক্যারম খেলতে থাকা কয়েকজন স্থানীয় তরুণকেও আটক করে মোটরসাইকেলে তুলে নেওয়া হয় বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

আটকের প্রতিবাদে বিক্ষোভ, পরে থানায় অগ্নিসংযোগ

আটক ব্যক্তিদের মুক্তির দাবিতে স্থানীয় লোকজন জড়ো হতে থাকেন। কয়েকটি মসজিদের মাইকে ঘোষণা দিয়ে লোকজনকে একত্র করা হয়। একপর্যায়ে পাটগাতী বাসস্ট্যান্ড এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে বিক্ষোভ মিছিল বের করেন।

স্থানীয় একাধিক সূত্রের দাবি, আটক ব্যক্তিদের ছেড়ে দেওয়া হলে বিক্ষোভ না করার বার্তা পুলিশকে দেওয়া হয়েছিল। তবে একপর্যায়ে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড ও রাবার বুলেট নিক্ষেপ করে। এতে বিক্ষোভকারীরা আরও ক্ষুব্ধ হয়ে ওঠেন।

পরে আটক ব্যক্তিদের মুক্তি না দিলে থানা ঘেরাওয়ের ঘোষণা দেন তাঁরা। সন্ধ্যা সাতটার দিকে বিক্ষোভকারীরা টুঙ্গিপাড়া থানার দিকে যান। এরপর থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। প্রাণ বাঁচাতে পুলিশ সদস্যরা থানা ছেড়ে চলে যান বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

সংসদ সদস্যের বাড়িতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

থানায় হামলার পর বিক্ষোভকারীরা মিছিল নিয়ে সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতে যান। সেখানে প্রথমে ভাঙচুর ও লুটপাট চালানো হয়, পরে অগ্নিসংযোগ করা হয়।

এ ছাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক জিহাদুল ইসলাম এবং উপজেলা কৃষক দলের সভাপতি সাহিদ ইমামের বাড়িতেও আগুন দেওয়ার অভিযোগ উঠেছে।

এস এম জিলানীর ভাই হায়দার আলী জানান, মঙ্গলবার রাত আনুমানিক আটটার দিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের চার থেকে পাঁচ শ নেতা-কর্মী মিছিল নিয়ে তাঁদের বাড়িতে আসেন। প্রথমে বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালিয়ে পরে আগুন দেওয়া হয়।

হায়দার আলীর দাবি, তাঁর ছোট বোনের ১০ ভরি এবং ভাগনির আট ভরি স্বর্ণালংকার নিয়ে গেছে হামলাকারীরা। এ ছাড়া পাঁচটি ফ্রিজ, টেলিভিশন, ফ্যান, ওভেনসহ বিভিন্ন আসবাব ও মালামাল লুট করা হয়েছে।

টুঙ্গিপাড়ায় পরপর হামলা, অগ্নিসংযোগ ও সড়ক অবরোধের ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরবর্তী পদক্ষেপের দিকে তাকিয়ে রয়েছেন এলাকাবাসী।

সিতাজ২৪.কম/এস.টি

Loading

Powered by Done 5 Technologies