প্রধানমন্ত্রীর সঙ্গে কাল বৈঠকে বসছে এনসিপি
জাতীয় ঐক্যের আহ্বানে সাড়া দিয়ে ২৩ নভেম্বর প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবে চার সদস্যের প্রতিনিধিদল
নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতীয় ঐক্যের আহ্বানকে ইতিবাচকভাবে দেখছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ আহ্বানে সাড়া দিয়ে আগামীকাল সোমবার (২৩ নভেম্বর) দুপুরে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবে দলটির চার সদস্যের একটি প্রতিনিধিদল। এতে নেতৃত্ব দেবেন এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
এনসিপি সূত্রে জানা গেছে, যুক্তরাজ্য সফর শেষে নাহিদ ইসলাম আজ রোববার বিকেলে দেশে ফিরবেন। এরপর তাঁর সঙ্গে আলোচনা করে প্রতিনিধিদলের অন্য সদস্যদের নাম চূড়ান্ত করা হবে।
জুলাই গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এনসিপির সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে আগামীকাল এ সংলাপ শুরু হওয়ার কথা রয়েছে। এরপর জামায়াতে ইসলামীসহ অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গেও সংলাপ অনুষ্ঠিত হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এনসিপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের সদস্য ও দলের যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার শনিবার দিবাগত রাতে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, প্রধানমন্ত্রীর আমন্ত্রণে ২৩ নভেম্বর এনসিপির একটি প্রতিনিধিদল তাঁর সঙ্গে সাক্ষাৎ করবে।
বার্তায় বলা হয়, প্রধানমন্ত্রীর আমন্ত্রণকে ইতিবাচকভাবে নিয়েছে এনসিপি। তবে দলটির মতে, জাতীয় ঐক্যের ভিত্তি হতে হবে গণভোটের রায় বাস্তবায়ন, ফ্যাসিবাদী ও সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার এবং জুলাই গণহত্যার বিচার।
সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্র জানিয়েছে, সংলাপ আয়োজনের প্রস্তুতি ইতিমধ্যে শুরু করেছে ক্ষমতাসীন দল বিএনপি ও প্রধানমন্ত্রীর কার্যালয়। রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক আলোচনার মাধ্যমে জাতীয় ঐক্য প্রতিষ্ঠার উদ্যোগের অংশ হিসেবেই এ সংলাপ আয়োজন করা হচ্ছে।
সিতাজ২৪.কম/এস.টি
![]()