মূল সংবাদে ফিরুন

Ctaj24.com

Latest Bangla news from chittagong

Ctaj24.com প্রিন্ট সংস্করণ ·

শেখ হাসিনা বিমানে নাকি হেঁটে ফিরবেন, সেই আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা

প্রকাশ:
তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান
তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান

প্রত্যর্পণের বিষয়ে ভারতের সঙ্গে আলোচনা হবে; ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা রাজনৈতিক কৌশল বলে মন্তব্য জাহেদ উর রহমানের

নিজস্ব প্রতিবেদক:     মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে তাঁর সঙ্গে বাংলাদেশ সরকারের কোনো আলোচনা হচ্ছে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান। শেখ হাসিনাকে কীভাবে বাংলাদেশের কাছে হস্তান্তর করা হবে, তা নিয়ে আলোচনা হবে ভারতের সঙ্গে।

গতকাল সচিবালয়ে সরকারের বিভিন্ন অগ্রগতি ও সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এ সময় শেখ হাসিনার বাংলাদেশ বিমানে দেশে ফেরার ইচ্ছার প্রসঙ্গেও মন্তব্য করেন তথ্য উপদেষ্টা।

জাহেদ উর রহমান বলেন, শেখ হাসিনা আসবেন কি না, কীভাবে আসবেন—বাংলাদেশ বিমানে, ভারতের বিমানে নাকি অন্য কোনো উপায়ে—সেটি পরবর্তী বিষয়। বাংলাদেশের চাওয়া হলো, ভারত তাঁকে প্রত্যর্পণ করুক।

তিনি বলেন, মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত হয়ে মৃত্যুদণ্ড পাওয়া একজন ব্যক্তি ভারতে অবস্থান করছেন। তাঁকে বাংলাদেশের কাছে হস্তান্তরের জন্য ভারত সরকারের কাছে আবেদন জানানো হয়েছে।

শেখ হাসিনার বাংলাদেশ বিমানে ফেরার ইচ্ছার বিষয়ে প্রশ্ন করা হলে রসিকতার সুরে তথ্য উপদেষ্টা বলেন, তিনি বাংলাদেশ বিমানে আসতে চান। তবে দেশে ফেরার পর তাঁকে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব দিতে হবে—এমন দাবি তিনি করছেন না, সেটিই স্বস্তির বিষয়। ভারতের কেউ কেউ এখনো শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করেন বলেও মন্তব্য করেন তিনি।

শেখ হাসিনার সঙ্গে নয়, আলোচনা ভারতের সঙ্গে

শেখ হাসিনার ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা নিয়ে সরকারের সঙ্গে তাঁর কোনো যোগাযোগ হচ্ছে কি না, এমন প্রশ্নের জবাবে জাহেদ উর রহমান বলেন, শেখ হাসিনার সঙ্গে এ বিষয়ে সরকারের কোনো আলোচনা নেই। আলোচনা হচ্ছে ভারতের সঙ্গে।

তথ্য উপদেষ্টার ভাষ্য, শেখ হাসিনা ও তাঁর সহযোগীরা ভারতে অবস্থান করছেন। তাঁদের মধ্যে শেখ হাসিনা আদালতে দোষী সাব্যস্ত হয়েছেন। তাই তাঁকে ফেরানোর বিষয়ে বাংলাদেশ ভারত সরকারের সঙ্গে কথা বলছে।

শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে রাজনৈতিক কৌশল বলেও মন্তব্য করেন তিনি। তাঁর মতে, এই ঘোষণার মাধ্যমে শেখ হাসিনা নিজের রাজনৈতিক গুরুত্ব ও প্রভাব দেখানোর চেষ্টা করছেন। দলের নেতা-কর্মীদের কাছে নিজের অবস্থান তুলে ধরতেই এমন ঘোষণা দেওয়া হয়েছে বলে মনে করেন তথ্য উপদেষ্টা।

প্রত্যর্পণে আইনি বাধা দেখছেন না তথ্য উপদেষ্টা

শেখ হাসিনাকে প্রত্যর্পণের ক্ষেত্রে ভারতের পক্ষ থেকে আগে যেসব আইনি জটিলতার কথা বলা হয়েছিল, এখন আর তেমন বাধা নেই বলে মনে করেন জাহেদ উর রহমান।

তিনি বলেন, শেখ হাসিনা যদি সত্যিই বাংলাদেশে ফিরতে চান, তাহলে তাঁকে প্রত্যর্পণের ক্ষেত্রে আর কোনো আইনি বাধা থাকার কথা নয়। তাঁর ভাষ্য, শেখ হাসিনা চাইলে আদালতের আশ্রয় নিতে পারেন, তবে তিনি দেশে ফিরতে আগ্রহী হলে প্রত্যর্পণের প্রক্রিয়া এগিয়ে নেওয়া সম্ভব।

ভারত সরকার শেখ হাসিনাকে জোর করে পাঠাচ্ছে না উল্লেখ করে তথ্য উপদেষ্টা বলেন, শেখ হাসিনা নিজে বাংলাদেশে আসতে চাইছেন এবং বাংলাদেশ সরকারও তাঁকে ফেরত চাচ্ছে। ফলে দুই পক্ষের অবস্থান মিলে গেলে প্রত্যর্পণের পথ সহজ হতে পারে।

নড়াইলের কালিয়ার ঘটনা নিয়ে অপপ্রচারের অভিযোগ

এদিকে নড়াইলের কালিয়ায় সহিংসতার ঘটনা নিয়ে ভারত থেকে অপতথ্য ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করেছেন তথ্য উপদেষ্টা।

তবে ওই এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থকদের বাড়িঘরে হামলার ঘটনা ঘটেছে বলে স্বীকার করেন তিনি। জাহেদ উর রহমান বলেন, এসব ঘটনাকে ফৌজদারি অপরাধ হিসেবে বিবেচনা করে সরকার অবশ্যই ব্যবস্থা নেবে।

তিনি আরও বলেন, কোনো অপরাধের ঘটনা ঘটলে তা রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে বিবেচনা না করে আইনের আওতায় আনতে হবে।

Loading

Powered by Done 5 Technologies