মূল সংবাদে ফিরুন

Ctaj24.com

Latest Bangla news from chittagong

Ctaj24.com প্রিন্ট সংস্করণ ·

শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ

প্রকাশ:
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি

বর্তমানের চেয়ে ৩৬ শতাংশ বেশি মজুরি; নতুন কাঠামো কার্যকর হবে ১ ডিসেম্বর থেকে

নিজস্ব প্রতিবেদক: তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন এই মজুরি বর্তমানের ১২ হাজার ৫০০ টাকার তুলনায় ৪ হাজার ৫০০ টাকা বা ৩৬ শতাংশ বেশি। আগামী ১ ডিসেম্বর থেকে নতুন মজুরিকাঠামো কার্যকর হওয়ার কথা রয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে নিম্নতম মজুরি বোর্ডের চতুর্থ সভায় দীর্ঘ দর-কষাকষির পর ভোটাভুটির মাধ্যমে এ সিদ্ধান্ত নেওয়া হয়। রাত দেড়টার দিকে সভা শেষ হয়। বিষয়টি নিশ্চিত করেন বোর্ডের একাধিক সদস্য।

সভায় একপর্যায়ে মালিকপক্ষ ১৭ হাজার টাকা এবং শ্রমিকপক্ষ ১৮ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব দেয়। পরে মালিকপক্ষ তাদের প্রস্তাব কমিয়ে ১৬ হাজার টাকা করলেও শ্রমিকপক্ষ ১৮ হাজার টাকার দাবিতে অনড় থাকে। এ অবস্থায় বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানি ভোটাভুটির সিদ্ধান্ত নেন।

বোর্ডের ছয় সদস্যের ভোটে শ্রমিকপক্ষের দুই প্রতিনিধি ১৮ হাজার টাকার পক্ষে এবং বাকি চার সদস্য ১৭ হাজার টাকার পক্ষে ভোট দেন। ফলে ১৭ হাজার টাকা ন্যূনতম মজুরি নির্ধারিত হয়।

মালিকপক্ষের প্রতিনিধি এ বি এম শামসুজ্জামান ও শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার রাত সোয়া দুইটার দিকে বিষয়টি নিশ্চিত করেন।

কোন গ্রেডে কত মজুরি

নতুন মজুরিকাঠামো অনুযায়ী, গ্রেডভিত্তিক ন্যূনতম মাসিক মজুরি নির্ধারণ করা হয়েছে

  • গ্রেড ৪: ১৭ হাজার টাকা
  • গ্রেড ৩: ১৯ হাজার ২০০ টাকা
  • গ্রেড ২: ২০ হাজার টাকা
  • গ্রেড ১: ২১ হাজার ৫০০ টাকা

কয়েক দফা দর-কষাকষির পর সিদ্ধান্ত

মজুরি বোর্ড গঠিত হয় ১ নভেম্বর। ৪ নভেম্বর অনুষ্ঠিত হয় বোর্ডের প্রথম সভা। ৯ নভেম্বর দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষ ন্যূনতম ৩২ হাজার টাকা মজুরির প্রস্তাব দেয়।

২৩ নভেম্বর অনুষ্ঠিত তৃতীয় সভায় মালিকপক্ষ প্রথমে ১৫ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব দেয়। পরে কয়েক দফা সংশোধনের পর তাদের প্রস্তাব দাঁড়ায় ১৫ হাজার ৭০০ টাকা। অন্যদিকে শ্রমিকপক্ষও ৩২ হাজার টাকা থেকে কয়েক দফায় দাবি কমিয়ে ২২ হাজার টাকা প্রস্তাব করে।

২৪ নভেম্বরের চতুর্থ সভায় কয়েক দফা দর-কষাকষির পর মালিকপক্ষ তাদের প্রস্তাব বাড়িয়ে ১৭ হাজার টাকা করে। শ্রমিকপক্ষও ২২ হাজার টাকা থেকে কমিয়ে ১৯ হাজার টাকা প্রস্তাব দেয়। পরে ১৮ হাজার ৫০০ টাকা এবং শেষ পর্যন্ত ১৮ হাজার টাকার প্রস্তাব দেয় শ্রমিকপক্ষ। তবে দুই পক্ষের মধ্যে সমঝোতা না হওয়ায় শেষ পর্যন্ত ভোটাভুটির মাধ্যমে সিদ্ধান্ত হয়।

মজুরি বোর্ডে সরকারের প্রত্যাশা

মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানির সভাপতিত্বে রাজধানীর সেগুনবাগিচায় বোর্ডের কার্যালয়ে সভা অনুষ্ঠিত হয়। এতে বোর্ডের নিরপেক্ষ, মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধিরা অংশ নেন। বিশেষজ্ঞ হিসেবেও মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থানবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন এর আগে জানিয়েছিলেন, শ্রমিকদের জীবনযাত্রার ব্যয়, মূল্যস্ফীতি, শিল্পের সক্ষমতা এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগী দেশগুলোর মজুরিকাঠামো বিবেচনায় নিয়ে একটি গ্রহণযোগ্য মজুরি নির্ধারণের প্রত্যাশা করছে সরকার।

তিনি বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার ও প্রত্যাশা পূরণের পাশাপাশি দেশের বৃহত্তম রপ্তানি খাতের সুরক্ষা, শিল্পের স্থিতিশীলতা এবং শ্রমিক-মালিকের সুসম্পর্ক নিশ্চিত করাও জরুরি।

মজুরি নিয়ে শ্রমিক অসন্তোষ, গাজীপুরে সংঘর্ষ

মজুরি নির্ধারণের আলোচনা চলার মধ্যেই গাজীপুর ও সাভার-আশুলিয়ার বিভিন্ন এলাকায় শ্রমিক বিক্ষোভ অব্যাহত ছিল। গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন স্থানে শ্রমিকেরা সড়ক অবরোধ করেন। কয়েকটি এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে শ্রমিকদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। গাজীপুরের গাজীপুরা এলাকায় একটি পুলিশ বক্স ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটে।

শিল্প পুলিশের তথ্য অনুযায়ী, শ্রমিক অসন্তোষের কারণে গাজীপুরের ভোগরা বাইপাস, চৌরাস্তা ও কোনাবাড়ী এলাকার ৭০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়। পাশাপাশি ৩২টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ছিল।

এদিকে আশুলিয়া শিল্পাঞ্চলের বিভিন্ন এলাকায় ২৪টি কারখানায় ছুটি ঘোষণা করা হয় এবং সাতটি কারখানায় শ্রমিকেরা কর্মবিরতি পালন করেন। চলমান পরিস্থিতিতে বাংলাদেশ শ্রম আইনের ১৩(১) ধারায় ২০টি কারখানা বন্ধ ছিল বলে জানিয়েছে শিল্পাঞ্চল পুলিশ।

সিতাজ২৪.কম/এস.টি

Loading

Powered by Done 5 Technologies