মা কারাগারে, সন্তান লাশ—শেষ দেখা হলো কারাফটকে
মা কারাগারে, সন্তান লাশ,কাশিমপুরের কারাফটকে শেষ বিদায়
নিজস্ব প্রতিবেদক: মায়ের মুক্তির অপেক্ষায় ছিল ১৫ বছর বয়সী প্রতিবন্ধী কিশোর নিসর্গ হোসেন তূর্য। কিন্তু মায়ের মুক্তি দেখে যেতে পারল না সে। অবশেষে জীবিত অবস্থায় নয়, নিথর দেহে মায়ের কাছে ফিরল সন্তান।
কারাবন্দী যুব মহিলা লীগের সাবেক কেন্দ্রীয় নেত্রী শারমিন সুলতানা শর্মীকে মৃত সন্তানের মুখ শেষবারের মতো দেখাতে শনিবার দুপুরে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের ফটকে নেওয়া হয় তূর্যের মরদেহ।
শুক্রবার রাত ১১টার দিকে মারা যায় তূর্য। তার মৃত্যুর সংবাদ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি ব্যাপক আলোচনায় আসে।
নিরাপত্তার কারণে মেলেনি কারাগারের বাইরে যাওয়ার অনুমতি
শারমিন সুলতানার স্বামী শাহাদাৎ হোসেন নিপু প্রথম আলোকে জানান, দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় তাঁর স্ত্রীকে কারাগারের বাইরে নেওয়ার অনুমতি দেয়নি কারা কর্তৃপক্ষ। তবে মানবিক বিবেচনায় কারাফটকে মৃত সন্তানের মুখ দেখানোর ব্যবস্থা করা হয়।
শনিবার দুপুর ১২টার দিকে কারাফটকে সন্তানের মুখ শেষবারের মতো দেখেন শারমিন সুলতানা।
কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার (অতিরিক্ত দায়িত্ব) মো. নজরুল ইসলাম জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতিক্রমে প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করে মানবিক বিবেচনায় এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
সন্তানের জন্য মায়ের মুক্তির আকুতি
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া শারমিন সুলতানার পুরোনো একটি ভিডিওতে তাঁকে অসুস্থ সন্তানের কথা বলতে দেখা যায়। সেখানে তিনি জানান, প্রতিবন্ধী সন্তানকে নিয়মিত ওষুধ দিতে হয়। মা-বাবা ছাড়া তার দেখাশোনার কেউ নেই।
অন্য একটি ভিডিওতে তূর্যকেও তার মায়ের মুক্তির দাবি জানাতে দেখা যায়। তবে মায়ের মুক্তির অপেক্ষা শেষ হওয়ার আগেই পৃথিবী ছেড়ে চলে গেল কিশোরটি।
যে মামলায় কারাগারে শারমিন সুলতানা
গত ৩ অক্টোবর দিবাগত রাতে রাজধানীর লালবাগ এলাকা থেকে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলার সন্দেহভাজন আসামি হিসেবে শারমিন সুলতানাকে গ্রেপ্তার করে পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের তথ্য অনুযায়ী, তিনি ২০১৭ থেকে ২০২২ সাল পর্যন্ত যুব মহিলা লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ছিলেন। এ ছাড়া ছাত্রলীগের ইডেন মহিলা কলেজ শাখা ও আওয়ামী লীগের উপকমিটিতে দায়িত্ব পালন করেছেন।
রাজনৈতিক পরিচয় ও আইনি প্রক্রিয়ার বাইরে মা ও সন্তানের এই করুণ বিদায় মানবিক বিবেচনা এবং বন্দীদের প্যারোলে মুক্তির বিষয়টিকে নতুন করে আলোচনায় এনেছে। সূত্র: প্রথম আলো।
![]()