মূল সংবাদে ফিরুন

Ctaj24.com

Latest Bangla news from chittagong

Ctaj24.com প্রিন্ট সংস্করণ ·

রাজনৈতিক ছত্রছায়ায় মাদক ও সন্ত্রাসী চক্রের দৌরাত্ম্যের অভিযোগ, নীরব মেডিকেল প্রশাসন

প্রকাশ: হালনাগাদ:
ডা. দেলোয়ার হোসেন টিটু
ডা. দেলোয়ার হোসেন টিটু

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরার শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ ও হাসপাতালে বহিরাগত সন্ত্রাসী, চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং মামলার আসামি ও আওয়ামী লীগের পদধারী নেতাকর্মীদের অবাধ বিচরণ ও দৌরাত্ম্যের অভিযোগ উঠেছে। এতে চরম নিরাপত্তাহীনতা ও আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন প্রতিষ্ঠানটির সাধারণ শিক্ষার্থী, চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীরা।

​সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আদালতের আদেশে শহীদ মনসুর আলী ট্রাস্টের রিসিভার নিযুক্ত হওয়ার পর ডা. দেলোয়ার হোসেন টিটু গংয়ের ছত্রছায়ায় ক্যাম্পাসে প্রভাব বিস্তার শুরু করে একটি চক্র। অভিযোগ রয়েছে, সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. পারভেজ সরকার (যার বোন আওয়ামী লীগ নেত্রী ও দুইবারের সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিনা হক), ৩নং ঝাউতলা ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল হক, ইয়াবা ব্যবসায় জড়িত থাকার অভিযোগে পূর্বে গ্রেপ্তার হওয়া ডা. জুয়েল এবং মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি পরিচয়দানকারী মাসুম কামাল হৃদয়ের নেতৃত্বে প্রায় ২৬০ জনেরও বেশি বহিরাগত ও চিহ্নিত সন্ত্রাসী ক্যাম্পাসে অবস্থান নিয়ে ত্রাসের রাজত্ব কায়েম করেছে। উল্লেখ্য, অভিযুক্ত মো. পারভেজ সরকার এবং রেজাউল হক রাজধানীর যাত্রাবাড়ী থানার একটি মামলারও (মামলা নং- ৬২(৭)২৬) যথাক্রমে ৩৪ ও ৩৮ নম্বর এজাহারভুক্ত আসামি হিসেবে রয়েছেন।

​ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থী ও কর্মচারীদের অভিযোগ, অভিযুক্ত ডা. জুয়েল ও পারভেজ সরকার পুরো মেডিকেল কলেজ এলাকাটিকে মাদকের আখড়ায় পরিণত করেছেন। এর আগেও বিপুল পরিমাণ ইয়াবাসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেপ্তার হওয়ার রেকর্ড রয়েছে ডা. জুয়েলের বিরুদ্ধে, যা বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত হয়েছিল।

​অভিযোগ আরও রয়েছে, এই চক্রটি নিজেদের অপকর্ম ঢাকতে এবং প্রভাব বিস্তারের জন্য ডা. ফরহাদ হালিম ডোনারের নাম ব্যবহার করছে। সম্প্রতি প্রতিষ্ঠানটিতে পরিচালক হিসেবে ডা. নেয়াজ শহীদ রানা এবং পরবর্তীতে অ্যাডমিন ডিরেক্টর হিসেবে ডা. মাসুদ করিম যোগদান করার পর পরিস্থিতি আরও খারাপ ও জটিল আকার ধারণ করেছে বলে ভুক্তভোগীরা জানান।

​ভুক্তভোগী কর্মচারীদের দাবি, গত কয়েকদিন আগে ডা. জুয়েলের অনুসারীরা প্রতিষ্ঠানের ৮ জন কর্মচারীকে বেধড়ক মারধর করে তাদের কাছে থাকা নগদ অর্থ ছিনিয়ে নেয়। বিষয়টি রিসিভার ডা. দেলোয়ার হোসেনকে অবহিত করা হলেও তিনি কোনো ব্যবস্থা নেননি। এছাড়া, ডা. জুয়েল ও নবনিযুক্ত পরিচালক ডা. নেয়াজ শহীদ রানা কলেজের অধ্যক্ষকে (প্রিন্সিপাল) জিম্মি করে ও চাপ প্রয়োগের মাধ্যমে কলেজ অ্যাকাউন্টের বিপুল পরিমাণ অর্থ রিসিভারের নামে সরিয়ে নিয়েছেন বলেও গুরুতর অভিযোগ উঠেছে।

​ভয়ে ও আতঙ্কে প্রতিষ্ঠানের কোনো শিক্ষক, শিক্ষার্থী বা কর্মচারী এই সিন্ডিকেটের বিরুদ্ধে মুখ খুলতে সাহস পাচ্ছেন না। সাধারণ শিক্ষার্থী ও কর্মচারীরা অবিলম্বে ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন। একইসাথে, বিএনপির নাম ভাঙিয়ে যারা ফ্যাসিবাদী আওয়ামী লীগের দোসর, মামলার আসামি, চিহ্নিত মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে, তাদের বিরুদ্ধে দ্রুত তদন্ত সাপেক্ষে দৃষ্টান্তমূলক শাস্তির জন্য সরকারের উচ্চপর্যায়ের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

Loading

Powered by Done 5 Technologies