দিল্লিতে প্রবেশে বাধা দেশে ফিরছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা
অনলাইন ডেস্ক: ভারতের রাজধানী দিল্লিতে প্রবেশে বাধার মুখে পড়ে বাংলাদেশে ফিরছেন প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজিবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান। দিল্লি বিমানবন্দরে কয়েক ঘণ্টা অপেক্ষার পর তিনি ভারত সফর বাতিল করে শ্রীলঙ্কার রাজধানী কলম্বো হয়ে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন।
সোমবার সকালে একটি ফ্লাইটে তিনি ঢাকার উদ্দেশে যাত্রা করেন। বাংলাদেশ হাইকমিশন সূত্র জানিয়েছে, ফ্লাইটটি দুপুরের আগেই ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
দিল্লি বিমানবন্দরে কী ঘটেছিল
কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, জাহেদ উর রহমানের সফর সম্পর্কে আগেই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়েছিল। তিনি দিল্লিতে অনুষ্ঠেয় Indian Ocean Rim Association–এর জ্যেষ্ঠ কর্মকর্তাদের বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেওয়ার কথা ছিল।
রোববার সন্ধ্যায় তিনি দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর এ পৌঁছানোর পর ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে প্রবেশের অনুমতি না দিয়ে প্রায় আড়াই ঘণ্টা অপেক্ষা করায়। এ সময় তাকে স্পষ্টভাবে জানানো হয়নি কেন প্রবেশে বাধা দেওয়া হচ্ছে। পরে উচ্চপর্যায়ের নির্দেশে প্রবেশের অনুমতি দেওয়া হলেও তিনি ভারত সফর অব্যাহত না রেখে দেশে ফেরার সিদ্ধান্ত নেন।
সরকারের অবস্থান
ঢাকার সরকারি সূত্র জানিয়েছে, বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। দিল্লি বিমানবন্দরে ঠিক কী কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছিল এবং কেন একজন সরকারি প্রতিনিধিকে প্রবেশে বাধার মুখে পড়তে হলো, সে বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।
সরকারি পর্যায়ে বলা হয়েছে, ঘটনার পূর্ণাঙ্গ বিবরণ পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করা হবে।
আইওআরএ বৈঠকে অংশ নেওয়ার কথা ছিল
সোমবার থেকে দিল্লিতে শুরু হওয়া Indian Ocean Rim Association–এর দুই দিনের বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেওয়ার কথা ছিল জাহেদ উর রহমানের। বৈঠকটি ভারত মহাসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশের সহযোগিতা, অর্থনীতি, নিরাপত্তা ও আঞ্চলিক উন্নয়ন বিষয়ক গুরুত্বপূর্ণ আলোচনার অংশ।
তবে দিল্লিতে প্রবেশ জটিলতার কারণে তিনি বৈঠকে অংশ নিতে পারেননি।
সিতাজ/এস.টি