অর্থ সাশ্রয়ে ঢাকা মেট্রোপলিটন এলাকায় টেলিটকের ফাইভ-জি প্রযুক্তি চালুর পরিকল্পনা থেকে আপাতত সরে এসেছে সরকার।
মঙ্গলবার (২ আগস্ট) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ সংক্রান্ত ২৩৬ কোটি ৫৪ লাখ টাকা ব্যয়ের একটি প্রকল্প স্থগিত করা হয়েছে।
প্রকল্প পরিকল্পনা অনুযায়ী, এর ৮০ শতাংশ ইক্যুইপমেন্ট বিদেশ থেকে ডলার দিয়ে কেনার বিষয় ছিল।
মঙ্গলবার (২ আগস্ট) প্রকল্পটি চূড়ান্ত অনুমোদনের জন্য উপস্থাপন করে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ। তবে ব্যয় সংকোচনের জন্য প্রকল্পটি একনেক সভায় অনুমোদন না দিয়ে ফিরিয়ে দেওয়া হয়েছে বলে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান জানান।
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, এই মুহূর্তে টেলিটকের ফাইভ-জি দরকার নেই। ফোর-জি গ্রাম ও হাওর এলাকায় সার্ভিস পাচ্ছে না। ফোর-জি আগে আপডেট করো, তারপর ফাইভ-জি। এই মুহূর্তে ব্যয় সংকোচন করছি।
সভায় ২ হাজার ৭ কোটি ৫৭ লাখ টাকা ব্যয়ে ৭ প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। মোট ব্যয়ের মধ্যে বৈদেশিক অর্থায়ন ১২২ কোটি ৭৬ লাখ টাকা। আগারগাঁওয়ে এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এসব প্রকল্পের অনুমোদন দেওয়া হয়।
গণভবন থেকে ভার্চুয়ালি একনেক সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী। একনেক সভার বিষয় তুলে ধরে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আমরা একনেক সভায় শোকের মাস নিয়ে আলোচনা করেছি। যেসব ঘাতক বঙ্গবন্ধুসহ পুরো পরিবারকে হত্যা করেছে সেসব ঘাতকদের ধিক্কার ও ঘৃণা জানানো হয়েছে।
সি-তাজ২৪.কম/এস.টি