G-VV5KW25M6F
Take a fresh look at your lifestyle.

মা জানেন না চার সন্তান বেঁচে নেই

0

এস. এ. নয়ন, রাঙ্গুনিয়া প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার একটি পরিবারে এখন নেমে এসেছে গভীর শোকের ছায়া। ওমানে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারানো চার প্রবাসী ভাইয়ের মরদেহ দেশে ফিরছে, কিন্তু এখনো তাদের বৃদ্ধা মা জানেন না—তার চার সন্তান আর কখনো ঘরে ফিরবে না।

লালানগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ওই বাড়িতে এখন শুধুই কান্না আর আহাজারি। স্বজনরা বলছেন, মায়ের শারীরিক অবস্থা অত্যন্ত দুর্বল হওয়ায় এখনো তাকে পুরো ঘটনাটি জানানো হয়নি। তিনি প্রতিনিয়ত সন্তানদের খোঁজ করছেন, কবে তারা দেশে ফিরবে সেই অপেক্ষায় আছেন।

নিহত চার ভাই বহু বছর ধরে ওমান-এ প্রবাস জীবন কাটাচ্ছিলেন। পরিবারের আর্থিক দায়িত্ব মূলত তাদের কাঁধেই ছিল। নিজেদের কষ্টের জীবন মেনে নিয়ে পরিবারকে ভালো রাখার স্বপ্ন দেখতেন তারা। কিন্তু একটি দুর্ঘটনা মুহূর্তেই সবকিছু শেষ করে দিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর তাদের মরদেহ বাংলাদেশের উদ্দেশ্যে পাঠানো হয়েছে। বুধবার সকালে গ্রামের বাড়িতে মরদেহ পৌঁছানোর কথা রয়েছে। চার ভাইকে শেষ বিদায় জানাতে ইতোমধ্যে গ্রামের কবরস্থানে পাশাপাশি চারটি কবর প্রস্তুত করা হচ্ছে।

এলাকাজুড়ে শোকের পরিবেশ বিরাজ করছে। গ্রামের মানুষজন বলছেন, একসঙ্গে একই পরিবারের চার সন্তানের মৃত্যু অত্যন্ত বিরল ও হৃদয়বিদারক ঘটনা। অনেকে এখন সবচেয়ে বেশি চিন্তিত বৃদ্ধা মাকে নিয়ে—কীভাবে তিনি এই নির্মম সত্য মেনে নেবেন।

নিহতদের একমাত্র জীবিত ভাই এনাম কান্নাজড়িত কণ্ঠে জানান, তাদের মা এখনও সন্তানদের সঙ্গে কথা বলতে চান। তিনি বারবার জানতে চাইছেন, ছেলেদের সমস্যার সমাধান হয়েছে কিনা। পরিবারের সদস্যরা কোনোভাবেই সাহস পাচ্ছেন না তাকে আসল খবরটি জানানোর।

এনাম বলেন, মায়ের মনে হয়তো কিছুটা সন্দেহ তৈরি হয়েছে। তবুও তিনি বিশ্বাস করছেন, তার সন্তানরা ফিরে আসবে। কিন্তু কয়েক ঘণ্টা পর যখন চারটি কফিন একসঙ্গে বাড়িতে পৌঁছাবে, তখন সেই দৃশ্য কীভাবে সামলাবেন—তা কেউ কল্পনাও করতে পারছেন না।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, পুরো রাঙ্গুনিয়াজুড়ে এখন একটাই আলোচনা—একসঙ্গে চার প্রবাসী ভাইয়ের মরদেহ দেশে ফিরছে। এলাকার প্রবীণরাও বলছেন, এমন হৃদয়বিদারক ঘটনা তারা আগে কখনো দেখেননি।

এদিকে প্রশাসনের পক্ষ থেকেও পরিবারের পাশে থাকার আশ্বাস দেওয়া হয়েছে। উপজেলা প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, মরদেহ দেশে পৌঁছানোর পর দাফন ও অন্যান্য বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।

চার ভাইয়ের মৃত্যু শুধু একটি পরিবারের নয়, পুরো এলাকার মানুষের হৃদয়ে গভীর বেদনার সৃষ্টি করেছে। প্রবাসে জীবিকা অর্জনের স্বপ্ন নিয়ে যাওয়া চার ভাই শেষ পর্যন্ত নিথর দেহে ফিরছেন নিজের জন্মভূমিতে। তাদের এই করুণ পরিণতি আবারও মনে করিয়ে দিল, প্রবাসজীবনের পেছনে লুকিয়ে থাকে কত অজানা ঝুঁকি আর অগণিত পরিবারের কান্না।
/এস.ট

Leave A Reply

Your email address will not be published.