G-VV5KW25M6F
Take a fresh look at your lifestyle.

শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর

0

নিউজ ডেস্ক: তারেক রহমান বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের শৃঙ্খলা, পেশাদারিত্ব ও দেশপ্রেমের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, একটি সুশৃঙ্খল বাহিনীর মূল ভিত্তি হলো ‘চেইন অব কমান্ড’ ও ‘ডিসিপ্লিন’। এ দুটি বিষয় উপেক্ষা করলে কোনো বাহিনী জনগণের আস্থা ধরে রাখতে পারে না।

বুধবার সকালে বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমি-তে অনুষ্ঠিত বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, শৃঙ্খলার সামান্য ঘাটতিও জনগণের মনে আস্থার সংকট তৈরি করতে পারে। তাই বাহিনীর প্রতিটি সদস্যকে নিষ্ঠা, শৃঙ্খলা ও পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালন করতে হবে। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে আনসার-ভিডিপি একটি প্রযুক্তিনির্ভর, মানবিক ও জনমুখী বাহিনী হিসেবে আরও শক্তিশালী অবস্থান তৈরি করবে।

তিনি আরও বলেন, বর্তমানে আনসার ও ভিডিপি শুধু আইনশৃঙ্খলা রক্ষার কাজেই সীমাবদ্ধ নয়; বরং সামাজিক সচেতনতা, দুর্যোগ ব্যবস্থাপনা, নারী নির্যাতন প্রতিরোধ, বাল্যবিবাহ রোধ এবং প্রযুক্তিভিত্তিক সেবায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

২০২৪ সালের ৫ আগস্টের গণ-অভ্যুত্থান-পরবর্তী পরিস্থিতিতে বাহিনীর ভূমিকার প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, সে সময় আনসার ও ভিডিপি সদস্যরা থানা পাহারা, ট্রাফিক নিয়ন্ত্রণ এবং গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছে।

তিনি বলেন, ব্যাটালিয়ন আনসার, অঙ্গীভূত আনসার, থানা ও উপজেলা আনসার এবং ভিডিপি-টিডিপি—সব ইউনিট সমন্বিতভাবে দেশের নিরাপত্তা ও তৃণমূল পর্যায়ের উন্নয়নে কাজ করে যাচ্ছে। এর ফলে বাহিনীটি কেন্দ্রীয় ও স্থানীয় উভয় পর্যায়ে একটি কার্যকর শক্তিতে পরিণত হয়েছে।

প্রধানমন্ত্রী জানান, মানবসম্পদ উন্নয়নের অংশ হিসেবে আনসার-ভিডিপিতে জাপানি ভাষা শিক্ষা, ফ্রিল্যান্সিং, ডিজিটাল মার্কেটিং এবং সিক্স-জি ওয়েল্ডিংসহ আধুনিক প্রশিক্ষণ কার্যক্রম চালু করা হয়েছে। তিনি মনে করেন, এসব উদ্যোগ ভবিষ্যতে দেশ ও বিদেশে বাহিনীর দক্ষতা ও গ্রহণযোগ্যতা আরও বাড়াবে।

দুর্যোগ ব্যবস্থাপনায় বাহিনীর ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, বন্যা, অগ্নিকাণ্ডসহ বিভিন্ন দুর্যোগে আনসার-ভিডিপি বর্তমানে একটি নির্ভরযোগ্য ‘ফাস্ট রেসপন্ডার’ বাহিনী হিসেবে জনগণের আস্থা অর্জন করেছে। পাশাপাশি পরিবেশবান্ধব উদ্যোগ হিসেবে রেইন ওয়াটার হারভেস্টিং, সোলার প্যানেল ও বায়োগ্যাস প্লান্ট স্থাপনের মতো কাজও বাহিনীর সদস্যরা করে যাচ্ছে।

ক্রীড়া ক্ষেত্রে আনসার-ভিডিপির সাফল্যের কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, বাংলাদেশ গেমসে টানা তিনবার চ্যাম্পিয়ন হয়ে বাহিনীটি ২০০৪ সালে স্বাধীনতা পদক অর্জন করে। এছাড়া দেশের বিভিন্ন আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নিরাপত্তা নিশ্চিত করতে শতাধিক আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।

মুক্তিযুদ্ধে আনসার বাহিনীর অবদানের কথাও স্মরণ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, প্রায় ৪০ হাজার আনসার সদস্য মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন এবং ৬৭০ জন সদস্য শহীদ হন। তাদের অবদান জাতি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে।

অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী আনসার ও ভিডিপি একাডেমির বিভিন্ন প্রশিক্ষণ ও উৎপাদন কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, সেনাবাহিনী প্রধান ওয়াকার উজ জামানসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সামরিক কর্মকর্তারা।

/এস.টি

Leave A Reply

Your email address will not be published.