Take a fresh look at your lifestyle.

আন্দোলনের মুখেও বহাল খুরশীদ আলম

চেয়ারম্যান পরিবর্তনের ইঙ্গিত নেই

0

নিউজ ডেস্ক: ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির চেয়ারম্যান হিসেবে মো. খুরশীদ আলমকে বহাল রাখার সিদ্ধান্তে অনড় রয়েছে বাংলাদেশ ব্যাংক। তাঁর নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ ও অচলাবস্থার মধ্যেও চেয়ারম্যান পরিবর্তনের কোনো আলোচনা চলছে না বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

১ জুন সোমবার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, আন্দোলনের কারণে কোনো সিদ্ধান্ত পরিবর্তনের প্রশ্নই আসে না। তিনি জানান, ইসলামী ব্যাংকের চেয়ারম্যান পরিবর্তন নিয়ে বর্তমানে বাংলাদেশ ব্যাংকে কোনো আলোচনা হচ্ছে না এবং প্রতিষ্ঠানটি নিজস্ব নীতিমালা অনুযায়ী কাজ করবে।

এর আগে ‘ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম’-এর ব্যানারে একদল বিক্ষোভকারী রাজধানীর মতিঝিলে ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে সমাবেশ করে নতুন চেয়ারম্যানের নিয়োগ বাতিলের দাবি জানায়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী লাঠিচার্জ, জলকামান, টিয়ারগ্যাস ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে।

বাংলাদেশ ব্যাংক গত ২৪ মে সাবেক ডেপুটি গভর্নর মো. খুরশীদ আলমকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়। তাঁর নিয়োগের পর থেকেই বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়। আন্দোলনকারীদের অভিযোগ, তাঁর অতীত সংশ্লিষ্টতা নিয়ে প্রশ্ন রয়েছে এবং এ কারণেই তারা নিয়োগ বাতিলের দাবি জানাচ্ছেন।

অন্যদিকে বাংলাদেশ ব্যাংক স্পষ্ট জানিয়েছে, কোনো চাপ বা আন্দোলনের মুখে সিদ্ধান্ত পরিবর্তনের নজির তৈরি করা হবে না। ফলে আপাতত চেয়ারম্যান পদে খুরশীদ আলমের অবস্থান অপরিবর্তিত থাকছে।

দিনভর বিক্ষোভের কারণে নতুন চেয়ারম্যান ব্যাংকের প্রধান কার্যালয়ে যোগ দিতে পারেননি। একই সঙ্গে ব্যাংকের পরিচালনা পর্ষদের একটি অনলাইন সভাও কর্মীদের আন্দোলনের কারণে শেষ পর্যন্ত অনুষ্ঠিত হয়নি।

 

এদিকে পরিস্থিতি ঘিরে ব্যাংকের কার্যক্রম ও ভবিষ্যৎ ব্যবস্থাপনা নিয়ে গ্রাহক ও সংশ্লিষ্ট মহলে আলোচনা অব্যাহত রয়েছে।

/এস.টি

Leave A Reply

Your email address will not be published.