অনলাইন ডেস্ক: রাজধানীর পল্লবীতে আট বছর বয়সী শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় দায়ের করা মামলার রায় আগামী ৭ জুন ঘোষণা করবেন আদালত। বৃহস্পতিবার ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল মামলার উভয় পক্ষের যুক্তিতর্ক শুনানি শেষে রায়ের জন্য এ দিন নির্ধারণ করেন।
এদিন প্রধান আসামি সোহেল রানা ও সহ-আসামি স্বপ্না আক্তারকে আদালতে হাজির করা হয়। আদালত সূত্র জানায়, অসুস্থতার কারণে স্বপ্না আক্তারকে হাসপাতাল থেকে আদালতে আনা হয়েছিল।
গত ১৯ মে মিরপুরের পল্লবী এলাকার একটি বাসা থেকে রামিসার মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার পর ওই বাসার ভাড়াটিয়া সোহেল রানা পালিয়ে গেলেও পরে নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। একই সময় তার স্ত্রীকে আটক করা হয়। পরে শিশুটির বাবা পল্লবী থানায় মামলা দায়ের করেন।
মামলাটির বিচার দ্রুতগতিতে এগিয়ে নেওয়া হয়। ১ জুন দুই আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয় এবং পরদিন শিশুটির মা-বাবাসহ ১০ জন সাক্ষী আদালতে সাক্ষ্য দেন।
তদন্ত চলাকালে সোহেল রানা আদালতে একবার অপরাধ স্বীকার করলেও পরে নিজের অবস্থান পরিবর্তন করেন। তিনি দাবি করেন, ‘ডলার’ নামে আরেক ব্যক্তি এ ঘটনার সঙ্গে জড়িত। তবে তদন্ত প্রতিবেদন কিংবা মামলার নথিতে ওই ব্যক্তির কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবী।
দেশজুড়ে আলোচিত এ মামলার রায়ের দিকে এখন সবার নজর। শিশু রামিসার পরিবারের পাশাপাশি সাধারণ মানুষও দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার প্রত্যাশা করছেন।
/এস.টি