বগুড়া প্রতিনিধি: বগুড়ার আদমদীঘি উপজেলায় মরিচ ক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে রাব্বি হোসেন (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। একই ঘটনায় তার মা মনিকা বেগম গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে উপজেলার তেঁতুলিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাব্বি হোসেন স্থানীয় বাসিন্দা আফাল উদ্দিনের ছেলে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে রাব্বি তার মায়ের সঙ্গে মরিচ ক্ষেতে কাজ করছিল। এ সময় হঠাৎ আবহাওয়ার পরিবর্তন হয়ে বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। একপর্যায়ে বজ্রপাতের আঘাতে রাব্বি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যায়।
একই ঘটনায় তার মা মনিকা বেগম আহত হন। স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার পর তেঁতুলিয়া গ্রামে শোকের আবহ নেমে আসে। কিশোর রাব্বির আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে গভীর শোক বিরাজ করছে।
এদিকে বর্ষা মৌসুমে বজ্রপাতের ঝুঁকি বেড়ে যাওয়ায় বিশেষজ্ঞরা খোলা মাঠ, কৃষিজমি এবং উঁচু স্থানে অবস্থান না করার পরামর্শ দিয়েছেন। বজ্রপাত শুরু হলে দ্রুত নিরাপদ আশ্রয়ে যাওয়ার আহ্বানও জানানো হয়েছে।
/এস.টি