যানজট কমাতে ৮০০ থেকে ১ হাজার ৮০০ মিটার দীর্ঘ উড়ালসড়কের প্রস্তাব, চুনতিতে বিবেচনায় হাতির চলাচলের পথ
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের যানজট কমাতে সাতটি গুরুত্বপূর্ণ স্থানে উড়ালসড়ক নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রস্তাব অনুযায়ী, এসব স্থানে ৮০০ থেকে ১ হাজার ৮০০ মিটার পর্যন্ত উড়ালসড়ক নির্মাণ করা হতে পারে। একই সঙ্গে কয়েকটি এলাকায় সমতল সড়ক প্রশস্ত করার সুপারিশও রয়েছে।
চট্টগ্রাম থেকে কক্সবাজার এবং মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দরমুখী যোগাযোগব্যবস্থার সক্ষমতা বাড়াতে ‘চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক উন্নয়ন প্রকল্প (দ্বিতীয় পর্যায়)’-এর আওতায় এ পরিকল্পনা নেওয়া হয়েছে। জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা) ও সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) যৌথ সমীক্ষায় যানজট, নির্মাণ ব্যয়, ভূমি অধিগ্রহণ, পরিবেশ ও সামাজিক প্রভাব বিবেচনায় নিয়ে মহাসড়কের নকশায় পরিবর্তনের সুপারিশ করা হয়েছে।
গত সোমবার পটিয়ার কুসুমপুরা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে প্রকল্পের পরিবেশগত ও সামাজিক প্রভাব মূল্যায়ন, ভূমি অধিগ্রহণ এবং পুনর্বাসন কর্মপরিকল্পনা নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় এসব পরিকল্পনা তুলে ধরেন জাইকার সমীক্ষা দলের বিশেষজ্ঞরা।
কুসুমপুরা ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান শওকত আকবরের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জাইকা সার্ভে টিমের প্রধান রিনা খানম, পুনর্বাসন বিশেষজ্ঞ চন্দন কুমার দাশ, পরিবেশ বিশেষজ্ঞ মো. বশির আহমেদ ও মো. গিয়াস উদ্দিন এবং সড়ক ও জনপথ অধিদপ্তরের উপবিভাগীয় প্রকৌশলী আবু সালেহ ফয়সাল।
সাত স্থানে উড়ালসড়কের প্রস্তাব
সমীক্ষা অনুযায়ী, পটিয়ার শান্তিরহাটে ১ হাজার ৩০০ মিটার দীর্ঘ উড়ালসড়ক নির্মাণের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে ৯০০ মিটার সেতু এবং ৪০০ মিটার মাটির কাজ থাকবে। প্রাথমিকভাবে এখানে সমতল সড়ক প্রশস্ত করার কথা বিবেচনা করা হলেও যানজটের তীব্রতার কারণে উড়ালসড়কের প্রস্তাব করা হয়েছে।
এ ছাড়া আমজুরহাটে ৮০০ মিটার, কমল মুন্সির হাটে ৮০০ মিটার, রওশন হাটে ১ হাজার ২০০ মিটার, মোহাম্মদপুর বাদামতলে ১ হাজার ৮০০ মিটার এবং পদুয়ায় ১ হাজার ৫০ মিটার উড়ালসড়ক নির্মাণের সুপারিশ করা হয়েছে।
প্রস্তাবিত স্থানগুলোর মধ্যে মোহাম্মদপুর বাদামতলের উড়ালসড়কটি হবে সবচেয়ে দীর্ঘ।
চুনতিতে হাতির চলাচলের পথ সুরক্ষার উদ্যোগ
চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য এলাকায় ৪০০ মিটার দীর্ঘ আংশিক উড়ালসড়ক নির্মাণের সুপারিশ করা হয়েছে। এর মূল উদ্দেশ্য বন্য হাতির চলাচলের পথ অক্ষুণ্ণ রাখা এবং বনাঞ্চলের ওপর সড়ক উন্নয়নের নেতিবাচক প্রভাব কমানো।
প্রকল্পের নকশায় যানজট নিরসনের পাশাপাশি প্রাকৃতিক পরিবেশ ও বন্যপ্রাণী সংরক্ষণকেও গুরুত্ব দেওয়া হয়েছে।
যেসব এলাকায় প্রশস্ত হবে সমতল সড়ক
মহাসড়কের সব গুরুত্বপূর্ণ পয়েন্টে উড়ালসড়ক নির্মাণের পরিকল্পনা নেই। যানজটের মাত্রা ও ভূমি অধিগ্রহণের প্রয়োজন বিবেচনায় গাছবাড়িয়া, বাগিচাহাট, দক্ষিণ হাসিমপুর বড়পাড়া, ঠাকুরদীঘিপাড়, খরহাট, হারবাং ও বরইতলীতে সমতল সড়ক প্রশস্ত করার সুপারিশ করা হয়েছে।
বানিয়ারছড়ায়ও প্রথমে উড়ালসড়কের বিষয়টি বিবেচনায় নেওয়া হয়েছিল। তবে পরবর্তী মূল্যায়নে সেখানে সমতল সড়ক প্রশস্ত করার প্রস্তাব করা হয়।
উড়ালসড়কে ব্যয় ১৮ থেকে ২৩ গুণ বেশি
সমীক্ষায় নির্মাণ ব্যয়, ট্রাফিক নিরাপত্তা, রক্ষণাবেক্ষণ, নির্মাণযোগ্যতা, প্রাকৃতিক পরিবেশ ও সামাজিক পরিবেশ—এই ছয়টি সূচকে বিকল্প নকশা মূল্যায়ন করা হয়েছে।
সমীক্ষা অনুযায়ী, সমতল সড়কের তুলনায় উড়ালসড়ক নির্মাণে ব্যয় প্রায় ১৮ থেকে ২৩ গুণ বেশি হতে পারে। তারপরও ঘনবসতিপূর্ণ বাজার এলাকায় ভূমি অধিগ্রহণ, দোকানপাট ও বসতবাড়ি উচ্ছেদের পরিমাণ কমাতে উড়ালসড়ক নির্মাণকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।
ক্ষতিগ্রস্ত হবে প্রায় দুই হাজার স্থাপনা
প্রকল্প বাস্তবায়নে আনুমানিক দুই হাজার স্থাপনা আংশিক বা সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও ক্ষতিপূরণ নিশ্চিত করতে ভূমি অধিগ্রহণ পরিকল্পনা এবং পুনর্বাসন কর্মপরিকল্পনা হালনাগাদের উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রচলিত আইন ও জাইকার পরিবেশগত-সামাজিক সুরক্ষা নীতিমালা অনুসারে ক্ষতিপূরণ দেওয়ার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি সড়কের বাঁধের নিচে কালভার্ট, সংযোগপথ ও ওভারপাস নির্মাণের প্রস্তাব রাখা হয়েছে, যাতে স্থানীয় বাসিন্দা ও পথচারীদের চলাচল ব্যাহত না হয়।
তবে এসব প্রস্তাব এখনো সমীক্ষা ও পরিকল্পনার পর্যায়ে রয়েছে। চূড়ান্ত নকশা ও প্রকল্প বাস্তবায়নের পরবর্তী সিদ্ধান্তের ওপর নির্ভর করবে মহাসড়কের এই পরিবর্তন।
সিতাজ২৪.কম/এস.টি
![]()



