বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের বাঁশখালীতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ৪টি বন্দুক ও ৫ রাউন্ড গুলিসহ ৩ জনকে আটক করেছে র্যাব-৭ চট্টগ্রামের একটি বিশেষ টহল টিম। গত শনিবার (১৪ আগস্ট) রাতে উপজেলার চাম্বল ইউনিয়নের পূর্ব চাম্বল মশা মার্কেট ও বৈলছড়ি এলাকায় পৃথক অভিযান পরিচালনাকালে অস্ত্র ও গুলিসহ ওই ৩ জনকে আটক করে র্যাব। আটককৃতরা হলেন- চাম্বল ইউনিয়নের পূর্ব চাম্বল খলিফা পাড়া এলাকার মৃত দেলোয়ার হোসেনের পুত্র মো. শহিদুল ইসলাম (৩০), সরল ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মধ্যম সরল পেয়াজ্জান বিবির বাড়ীর মৃত হাজী আলী আহাম্মদের পুত্র মো. মহিউদ্দীন (৪৬) ও একই ইউনিয়নের ১নং ওয়ার্ডের ডেবা পাড়া এলাকার মৃত আলী আহমদের পুত্র মো. নুরুল আমিন প্রকাশ বাউয়া (৫৫)। আটককৃতদের মধ্যে মো. শহিদুল ইসলামকে চাম্বল এলাকার মশা মার্কেটস্থ মায়ের দোয়া নামক ফার্মেসী থেকে হার্ডবোর্ডের তৈরী সিলিং এর উপরে কাপড়ে মোড়ানো অবস্থায় রক্ষিত ২টি ওয়ান শুটারগান, ১টি থ্রী কোয়ার্টার গান ও ৫টি রাউন্ড গুলিসহ আটক করা হয়। অপরদিকে মো. মহিউদ্দীন ও মো. নুরুল আমিনকে বৈলছড়ি এলাকায় অভিযান পরিচালনাকালে ১টি থ্রী কোয়ার্টারগানসহ আটক করে র্যাব। আটককৃত আসামী মো. নুরুল আমিন প্রকাশ বাউয়া ও মো. শহিদুল ইসলামের বিরুদ্ধে বাঁশখালী থানায় ১টি করে মামলা রয়েছে বলে র্যাব-৭ সূত্রে জানা যায়।
এ ব্যাপারে র্যাব-৭ চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে মাদক কারবারীদের আস্তানায় অভিযান পরিচালনাকালে ৪টি বন্দুক, ৫ রাউন্ড গুলিসহ আটককৃত ৩ জনকে আটক পূর্বক বাঁশখালী থানায় সোপর্দ করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’