চট্টগ্রামে করোনা চিকিৎসায় অনন্য অবদান রাখা চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল এবার করোনা আক্রান্ত প্রসূতি নারীদের চিকিৎসায় চালু করল অবস অ্যান্ড গাইনি কর্নার। এতে করে করোনা আক্রান্ত গাইনি রোগীরা পূর্ণাঙ্গ চিকিৎসাসেবা পাওয়ার ক্ষেত্র প্রসারিত হল।
মা ও শিশু হাসপাতালের ট্রেজারার রেজাউল করিম আজাদ গতকাল দৈনিক আজাদীকে জানান, করোনাকালে গর্ভবতী মায়েদের চিকিৎসা সেবা প্রাপ্তি বেশ কঠিন হয়ে উঠেছিল। এ ধরনের রোগীদের চিকিৎসাসেবা প্রাপ্তি সহজ করতে হাসপাতালের নতুন ভবনের চতুর্থ তলায় ১০টি শয্যা নিয়ে চালু করা হয় করোনা প্রসূতি কর্নার। কর্নারে একজন প্রসূতি বিশেষজ্ঞের নেতৃত্বে ৫ জন মেডিকেল অফিসার, ৫ জন নার্স ও ৩ জন আয়া রয়েছেন। করোনা আক্রান্ত প্রসূতিদের নরমাল ডেলিভারি, সিজারসহ সব চিকিৎসাসেবা এই কর্নারে দেয়া হবে।
রেজাউল করিম আজাদ আরো বলেন, হাসপাতালে করোনা চিকিৎসা শুরু হওয়ার পর থেকে করোনা আক্রান্ত প্রসূতিরা অন্য রোগীদের মতোই চিকিৎসা নিত। কিন্তু যেহেতু দুটি প্রাণের বিষয় জড়িত তাই হাসপাতাল কর্তৃপক্ষ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে একটি সম্পূর্ণ ইউনিট করার উদ্যোগ নেয়। অবশেষে আমরা তা বাস্তবায়ন করেছি। আশা করছি করোনা আক্রান্ত গাইনি রোগীরা এখানে পূর্ণ সেবা পাবেন।
সি-তাজ২৪.কম/এস.টি