অনলাইন ডেস্ক: ঈদুল আজহার দিন রাজধানীর বিভিন্ন এলাকায় কুরবানির পশুর বর্জ্য ও ময়লা পড়ে থাকতে দেখে অসন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে তার নির্দেশে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের দুই আঞ্চলিক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন—ঢাকা উত্তর সিটি করপোরেশনের জোন-৫ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. সাদেকুর রহমান এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের জোন-১ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা কাজী সালেহ মুস্তানজির।
শুক্রবার দুপুরে প্রধানমন্ত্রী নিজেই গাড়ি চালিয়ে রাজধানীর বিভিন্ন সড়কের পরিস্থিতি পরিদর্শনে বের হন। গুলশান থেকে শুরু করে রামপুরা, মালিবাগ, বাসাবো, কমলাপুর, সায়েদাবাদ, যাত্রাবাড়ী, ধোলাইখাল, গুলিস্তান, শাহবাগ, নিউ মার্কেট, ধানমন্ডি, ফার্মগেট ও মহাখালীসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখেন তিনি।
পরিদর্শনের সময় হাতিরপুল, এলিফ্যান্ট রোড, গ্রিনরোড, ফার্মগেট ও কারওয়ানবাজার এলাকায় কুরবানির বর্জ্য পড়ে থাকতে দেখে ক্ষোভ প্রকাশ করেন সরকারপ্রধান।
স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানান, রাজধানীর উন্নয়ন কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা সরেজমিনে দেখতে বের হয়েছিলেন প্রধানমন্ত্রী। দায়িত্বে অবহেলার অভিযোগে দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। একই সঙ্গে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশও দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রীর সফরসঙ্গী ছিলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বিশেষ সম্পাদক মুহাম্মদ বেলায়েত হোসেন এবং প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ অ্যাডভোকেট মেহেদুল ইসলাম।
/এস.টি