ফারুকুর রহমান বিনজু পটিয়া প্রতিনিধি: চট্টগ্রামের ব্যস্ততম পটিয়া রেলস্টেশনে যাত্রীদের নামাজ আদায়ের সুবিধার্থে একটি ইবাদতখানা উদ্বোধন করেছে ‘এপেক্স ক্লাব অব পটিয়া’। বুধবার (২৭ মে) বিকেলে স্টেশনের প্ল্যাটফর্মে নির্ধারিত স্থানে আসরের নামাজ আদায়ের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে এপেক্স ক্লাবের সদস্য, চট্টগ্রাম-দোহাজারী রেল যাত্রী কল্যাণ পরিষদের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এপেক্স ক্লাব অব পটিয়ার সভাপতি এপেক্সিয়ান জসিম উদ্দিন। দোয়া ও মুনাজাত পরিচালনা করেন পটিয়া স্টেশন রোড শাহী জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ আলাউদ্দিন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এপেক্সিয়ান মুহাম্মদ লিয়াকত আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেস ক্লাব সভাপতি আবদুল হাকিম রানা, এপেক্স বাংলাদেশ জেলা-৩ এর গভর্নর ইঞ্জিনিয়ার মো. মহসিন, সাবেক জেলা গভর্নর সৈয়দ মিয়া হাসান, জেলা সেক্রেটারি আরিফ খান এবং পটিয়া রেলস্টেশনের স্টেশন মাস্টার তন্ময় চৌধুরী।
এছাড়া চট্টগ্রাম-দোহাজারী-কক্সবাজার রেল যাত্রী পরিষদের সভাপতি মো. আইয়ুব আলী, সিনিয়র সহ-সভাপতি ফারুকুর রহমান বিনজু, সাধারণ সম্পাদক এপেক্সিয়ান আবু সাঈদ তালুকদার খোকন, ডা. নুর খানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ লিয়াকত আলী বলেন, পটিয়া রেলস্টেশন প্রতিদিন হাজারো যাত্রীর পদচারণায় মুখর থাকে। দীর্ঘদিন ধরে এখানে নামাজ আদায়ের জন্য উপযুক্ত স্থানের অভাব ছিল। বিষয়টি উপলব্ধি করেই এপেক্স ক্লাব অব পটিয়া যাত্রীদের জন্য ইবাদতখানা স্থাপনের উদ্যোগ নেয়।
তিনি বলেন, “মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডই এপেক্স ক্লাবের মূল পরিচয়। রেলস্টেশনের মতো গুরুত্বপূর্ণ স্থানে ইবাদতখানা স্থাপন নিঃসন্দেহে একটি সময়োপযোগী ও প্রশংসনীয় উদ্যোগ।”
সমাজের বিত্তবান ব্যক্তি ও সেবামূলক সংগঠনগুলোকে এ ধরনের উদ্যোগে এগিয়ে আসার আহ্বানও জানান তিনি।
অনুষ্ঠান শেষে উপস্থিত মুসল্লিরা ইবাদতখানায় একসঙ্গে আসর ও মাগরিবের নামাজ আদায় করেন।
/এস.টি