দীপেন দেওয়ানের পদত্যাগ নিয়ে নতুন বিতর্ক
ফেসবুক পোস্টে বিস্ফোরক দাবি মনীষ দেওয়ানের
অনলাইন ডেস্ক: পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগকে ঘিরে নতুন করে রাজনৈতিক আলোচনা শুরু হয়েছে। এ বিতর্কে নতুন মাত্রা যোগ করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির উপজাতি বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক সেনা কর্মকর্তা লে. কর্নেল (অব.) মনীষ দেওয়ান।
মঙ্গলবার সকালে নিজের ফেসবুক পোস্টে মনীষ দেওয়ান দাবি করেন, রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান পদে মনোনয়ন নিয়ে মতবিরোধের কারণেই দীপেন দেওয়ান মন্ত্রিত্ব হারিয়েছেন। তাঁর অভিযোগ, দীপেন দেওয়ান জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে মনীষ দেওয়ানের নাম সুপারিশ করেছিলেন, অন্যদিকে পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল অন্য একজনকে সমর্থন করেন।
ফেসবুক পোস্টে মনীষ দেওয়ান আরও দাবি করেন, এই মতবিরোধের জেরে দীপেন দেওয়ানকে তাঁর ইচ্ছার বিরুদ্ধে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে। তিনি বিষয়টি পার্বত্য অঞ্চলের জনগণ ও দেশবাসীর বিচারের ওপর ছেড়ে দেওয়ার কথাও উল্লেখ করেন।
তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। একই সঙ্গে মনীষ দেওয়ানের দাবিগুলোর স্বাধীনভাবে সত্যতা যাচাইও সম্ভব হয়নি।
এর আগে সোমবার পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দেন। পরে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়। পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, শারীরিক জটিলতার কারণে মন্ত্রণালয়ের দায়িত্ব যথাযথভাবে পালন করতে সমস্যার মুখোমুখি হচ্ছেন।
এদিকে দীপেন দেওয়ানের পদত্যাগের খবরে রাঙামাটিতে বিএনপির নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন। তারা মন্ত্রীর পদত্যাগ নিয়ে অসন্তোষ প্রকাশ করেন এবং বিষয়টি পুনর্বিবেচনার দাবি জানান।
পার্বত্য রাজনীতির গুরুত্বপূর্ণ এই ঘটনাকে ঘিরে এখনো নানা আলোচনা চলছে। তবে পদত্যাগের প্রকৃত কারণ নিয়ে আনুষ্ঠানিকভাবে সরকারের পক্ষ থেকে শারীরিক অসুস্থতার ব্যাখ্যাই দেওয়া হয়েছে।
/এস.টি