নিজস্ব সংবাদ: জ্বালানি সাশ্রয়ের জন্য নির্ধারিত বর্তমান সময়সূচি পরিবর্তন করে দুপুর ১২টা থেকে রাত ৯টা পর্যন্ত শপিংমল ও মার্কেট খোলা রাখার দাবি জানিয়েছেন চট্টগ্রামের ব্যবসায়ী নেতারা।
বৃহস্পতিবার আগ্রাবাদের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে দি চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নবনির্বাচিত পরিচালকদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিভিন্ন বিপণিকেন্দ্র ও মার্কেট অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা এ দাবি উত্থাপন করেন।
ব্যবসায়ীদের মতে, বর্তমানে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মার্কেট খোলা রাখার নিয়মের কারণে বিক্রয় কার্যক্রম উল্লেখযোগ্যভাবে কমে গেছে। বিশেষ করে সন্ধ্যার পর যখন ক্রেতাদের উপস্থিতি সবচেয়ে বেশি থাকে, তখন মার্কেট বন্ধ করতে হওয়ায় ব্যবসায়ীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
তারা জানান, দোকান ভাড়া, বিদ্যুৎ বিল, কর্মচারীদের বেতন-ভাতা, ব্যাংক ঋণের কিস্তি এবং অন্যান্য পরিচালন ব্যয় মেটাতে হিমশিম খেতে হচ্ছে। এ পরিস্থিতিতে ব্যবসা টিকিয়ে রাখতে সময়সূচি পুনর্বিবেচনার প্রয়োজন রয়েছে।
এ ছাড়া বর্তমান ভ্যাট প্রদানের পদ্ধতি পরিবর্তন করে সহজতর প্যাকেজ ভ্যাট ব্যবস্থা চালুর দাবিও জানান ব্যবসায়ী নেতারা।
সভায় চেম্বারের সিনিয়র সহ-সভাপতি আমজাদ হোসেন চৌধুরী বলেন, ব্যবসায়ীদের এ প্রস্তাব সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরা হবে এবং বিষয়টি নিয়ে আলোচনা করা হবে।
চেম্বারের সহ-সভাপতি মোহাম্মদ মসিউল আলম স্বপন বলেন, দেশের অর্থনীতিতে ব্যবসায়ীদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের দেওয়া কর ও ভ্যাট থেকেই সরকারের উন্নয়ন কার্যক্রম পরিচালিত হয়। তাই ব্যবসায়ীদের সমস্যাগুলো সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন।
সভায় উপস্থিত বিভিন্ন মার্কেট অ্যাসোসিয়েশনের নেতারা ট্যাক্স, ভ্যাট এবং বিভিন্ন প্রশাসনিক জটিলতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় চিটাগাং চেম্বারের সক্রিয় ভূমিকা কামনা করেন।
/এস.টি