G-VV5KW25M6F
Take a fresh look at your lifestyle.

চট্টগ্রামে ঘরে ঢুকে মা-মেয়েকে কুপিয়ে হত্যা,আহত শিশু

0

নিজস্ব সংবাদ: চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় নিজ বাড়িতে ঢুকে মা ও মেয়েকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ও শোকের সৃষ্টি হয়েছে। হামলায় পরিবারের আরও এক শিশু সদস্য আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (১৩ জুন) রাতে আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহতরা হলেন আনোয়ারার পূর্ব কন্যারা গ্রামের চেনামতি বড়ুয়া পাড়ার বাসিন্দা এনি বড়ুয়া (৪০) এবং তার মেয়ে প্রিয়ন্তী বড়ুয়া (১৬)। তারা মা-মেয়ে।

পুলিশ সূত্রে জানা যায়, রাতে একদল অজ্ঞাত ব্যক্তি তাদের বাড়িতে প্রবেশ করে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি হামলা চালায়। এতে ঘটনাস্থলেই মা ও মেয়ের মৃত্যু হয়। হামলার সময় এনি বড়ুয়ার পাঁচ বছর বয়সী ছেলেও আহত হয়। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং তার অবস্থা আশঙ্কামুক্ত বলে জানিয়েছে পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চট্টগ্রাম জেলার সহকারী পুলিশ সুপার (আনোয়ারা সার্কেল) মাহমুদুল হাসান বলেন, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে। হত্যার ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য তদন্ত শুরু হয়েছে।

পুলিশ জানায়, নিহত এনি বড়ুয়ার স্বামী সুজন বড়ুয়া চট্টগ্রাম শহরে একটি প্রতিষ্ঠানে নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত। তিনি কর্মস্থলের কারণে শহরে থাকতেন, আর এনি তার ছেলে-মেয়েদের নিয়ে গ্রামের বাড়িতে বসবাস করতেন।

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, পরিবারের সঙ্গে এক নিকটাত্মীয়ের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। নিহতদের স্বজনদের ধারণা, সেই বিরোধের জের ধরেই এ হত্যাকাণ্ড ঘটতে পারে। তবে তদন্ত শেষ হওয়ার আগে পুলিশ কোনো নির্দিষ্ট কারণ নিশ্চিত করছে না।

এদিকে ঘটনার পর পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

পুলিশ বলছে, হত্যার পেছনের কারণ উদঘাটন এবং জড়িতদের শনাক্ত করতে বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ করা হচ্ছে। পাশাপাশি ঘটনাস্থল থেকে আলামতও জব্দ করা হয়েছে।

সিতাজ/এস.টি

Leave A Reply

Your email address will not be published.