তাজ ভাই: লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল বাংলাদেশের মাল্টিপল ডিস্ট্রিক্ট ৩১৫-এর ২০২৬-২৭ সেবা বর্ষের কাউন্সিল চেয়ারপার্সন হিসেবে নির্বাচিত হয়েছেন লায়ন মোসলেহ উদ্দিন আহমেদ অপু। তিনি ডিস্ট্রিক্ট ৩১৫-বি৪-এর সদ্য বিদায়ী জেলা গভর্নর।
গত ১৩ জুন ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে অনুষ্ঠিত ৩৯তম মাল্টিপল ডিস্ট্রিক্ট কনভেনশনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নতুন দায়িত্বে তিনি দেশের সাতটি লায়ন্স জেলার কার্যক্রম সমন্বয়ের দায়িত্ব পালন করবেন।
লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনালের সাংগঠনিক কাঠামো অনুযায়ী একাধিক জেলা নিয়ে একটি মাল্টিপল ডিস্ট্রিক্ট গঠিত হয়। বাংলাদেশে বর্তমানে সাতটি জেলার মাধ্যমে লায়ন্স কার্যক্রম পরিচালিত হচ্ছে। প্রতিবছর এসব জেলার সদ্য প্রাক্তন গভর্নরদের মধ্য থেকে একজনকে কাউন্সিল চেয়ারপার্সন হিসেবে নির্বাচিত করা হয়।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, দীর্ঘ সময় পর চট্টগ্রামভিত্তিক জেলা ৩১৫-বি৪ থেকে একজন নেতা এই গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত হওয়ায় এটি চট্টগ্রামের লায়ন্স অঙ্গনের জন্য বিশেষ অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।
কনভেনশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। এছাড়া আন্তর্জাতিক পরিচালক লায়ন নাজমুল হক, জিএটি এরিয়া সিএ-৬ লায়ন কাজী সাইফুল ইসলাম এবং বর্তমান কাউন্সিল চেয়ারপার্সন লায়ন আশরাফ হোসেন হিরাসহ দেশের বিভিন্ন জেলার শীর্ষ লায়ন নেতারা অনুষ্ঠানে অংশ নেন।
নবনির্বাচিত কাউন্সিল চেয়ারপার্সন মোসলেহ উদ্দিন অপুকে অভিনন্দন জানিয়ে উপস্থিত নেতারা আশা প্রকাশ করেন, তাঁর নেতৃত্বে দেশের লায়ন্স কার্যক্রম আরও গতিশীল ও সম্প্রসারিত হবে।
সিতাজ/এস.টি