পটিয়া প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়ায় অপহরণের দুই দিন পর পাঁচ বছর বয়সী শিশু মো. জায়হানের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় প্রতিবেশীসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। মুক্তিপণের দাবিতে অপহরণের পর শিশুটিকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে আইনশৃঙ্খলা বাহিনী।
বৃহস্পতিবার ভোরে পটিয়া পৌরসভার দক্ষিণ গোবিন্দারখীল এলাকার একটি ময়লার ভাগাড় থেকে ডিবি ও থানা পুলিশের যৌথ অভিযানে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া পাঁচজনের বাড়ির পেছনের ভাগাড়ে বস্তাবন্দি অবস্থায় মরদেহটি পাওয়া গেছে।
তদন্তে জানা গেছে, নিখোঁজ হওয়ার পর শিশুটির পরিবারের ঘরে একটি হাতে লেখা চিরকুট পাওয়া যায়। সেখানে তিন লাখ টাকা মুক্তিপণ এবং একটি আনলক মোবাইল ফোন নির্দিষ্ট স্থানে রেখে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। চিঠিটি জব্দ করে তদন্ত শুরু করে পুলিশ।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, গত মঙ্গলবার বাড়ির সামনে খেলতে গিয়ে নিখোঁজ হয় জায়হান। দীর্ঘ সময় খোঁজাখুঁজির পরও তার সন্ধান না মেলায় পরিবার থানায় সাধারণ ডায়েরি করে। পরে মুক্তিপণের চিঠি উদ্ধারের ঘটনায় অপহরণের বিষয়টি সামনে আসে।
শিশুটির স্বজনদের অভিযোগ, অর্থ আদায়ের উদ্দেশ্যে পরিকল্পিতভাবে তাকে অপহরণ করা হয়। পরে ঘটনা ফাঁস হওয়ার আশঙ্কায় হত্যা করে মরদেহ গোপন করার চেষ্টা করা হয়। এমনকি অভিযুক্তদের কেউ কেউ শিশুটিকে খোঁজার নাটকেও অংশ নেয় বলে অভিযোগ উঠেছে।
পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে তদন্ত চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
সিতাজ/এসজিএন.এস.টি