সিতাজ ডেস্ক: চট্টগ্রামে স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে জোর প্রস্তুতি শুরু হয়েছে। ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও উপজেলা পরিষদ নির্বাচন ঘিরে ইতোমধ্যে জেলার বিভিন্ন এলাকায় রাজনৈতিক তৎপরতা বেড়েছে। সম্ভাব্য প্রার্থীরা ভোটারদের সঙ্গে যোগাযোগ বাড়ানোর পাশাপাশি সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিয়ে নিজেদের অবস্থান শক্ত করার চেষ্টা করছেন।
জাতীয় সংসদ নির্বাচনের পর থেকেই চট্টগ্রামের বিভিন্ন উপজেলা ও পৌর এলাকায় নির্বাচনী আমেজ তৈরি হতে শুরু করেছে। সম্ভাব্য চেয়ারম্যান ও মেয়র প্রার্থীরা নিয়মিত এলাকায় গিয়ে স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করছেন। উন্নয়ন পরিকল্পনা তুলে ধরা এবং জনসম্পৃক্ততা বৃদ্ধির মাধ্যমে ভোটারদের আস্থা অর্জনের চেষ্টা চলছে।
এদিকে স্থানীয় সরকার নির্বাচনকে ঘিরে প্রশাসনিক প্রস্তুতিও শুরু করেছে নির্বাচন কমিশন। চট্টগ্রাম জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, জেলার বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করে হালনাগাদ তালিকা প্রস্তুত করা হচ্ছে। পাশাপাশি ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও উপজেলা পরিষদ নির্বাচনের জন্য ভোটার তালিকা চূড়ান্ত করার কাজও এগিয়ে চলছে।
চট্টগ্রামের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বশির আহমেদ জানিয়েছেন, সম্ভাব্য নির্বাচনের কথা মাথায় রেখে প্রয়োজনীয় সব প্রস্তুতি ধাপে ধাপে সম্পন্ন করা হচ্ছে। ভোটকেন্দ্র যাচাই-বাছাই ও ভোটার তালিকা প্রস্তুতের কাজ গুরুত্বের সঙ্গে চলছে।
সরকারি সূত্রে জানা গেছে, বর্ষা মৌসুম শেষে সেপ্টেম্বর কিংবা অক্টোবর থেকে ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে। ইউনিয়ন পরিষদ নির্বাচন দিয়ে এ কার্যক্রম শুরু হওয়ার সম্ভাবনাই বেশি বলে নির্বাচন সংশ্লিষ্ট সূত্রগুলো মনে করছে।
এবারের স্থানীয় সরকার নির্বাচনে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে পারে। নির্বাচন কমিশন পোস্টার ব্যবহার সীমিত বা নিষিদ্ধ করা, ইভিএম ব্যবহার না করা, দলীয় প্রতীকের পরিবর্তে নির্দলীয়ভাবে নির্বাচন আয়োজন এবং প্রার্থীদের জামানতের পরিমাণ বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে কাজ করছে। এছাড়া প্রার্থিতা ও ভোটগ্রহণ প্রক্রিয়ায় আরও কিছু সংস্কারের বিষয়ও আলোচনায় রয়েছে।
সব মিলিয়ে নির্বাচন ঘোষণার আগেই চট্টগ্রামের রাজনৈতিক অঙ্গনে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা এবং প্রশাসনিক প্রস্তুতি দেখে অনেকেই মনে করছেন, নির্বাচন ঘিরে জেলার রাজনৈতিক পরিবেশ আগামী মাসগুলোতে আরও সরব হয়ে উঠবে।
সিতাজ /এস.টি