G-VV5KW25M6F
Take a fresh look at your lifestyle.

দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় দল-মত নির্বিশেষে জাতীয় ঐক্যের আহ্বান

পলাশী দিবসের আলোচনা সভায় বক্তাদের অভিমত

0

চট্টগ্রাম: দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় রাজনৈতিক বিভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক সদস্য ও চট্টগ্রাম আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট শামসুদ্দীন আহমদ মীর্যা।

তিনি বলেন, “ইতিহাসের শিক্ষাই সবচেয়ে বড় শিক্ষা। ইতিহাসের আলোকে বর্তমান সময়কে মূল্যায়ন করতে হবে। দেশ ও উম্মাহর এই সংকটময় সময়ে স্বাধীনতা ও সার্বভৌমত্ব সংরক্ষণে দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”

শনিবার (২০ জুন) চট্টগ্রাম প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে মননশীল গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড পলিসি স্টাডিজ (সিআরপিএস) আয়োজিত “ঐতিহাসিক পলাশী ট্র্যাজেডি: ষড়যন্ত্রের মাধ্যমে স্বাধীনতা হরণ ও আজকের আশঙ্কা” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সিআরপিএস এবং বাংলাদেশ ব্যাংকের শরী‘আহ অ্যাডভাইজারি বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. আবু বকর রফীকের সভাপতিত্বে অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে বক্তব্য দেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ হাশমত আলী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হিউম্যান রাইটস ফাউন্ডেশন বাংলাদেশের মহাসচিব অ্যাডভোকেট জিয়া হাবীব আহসান। সভার শুরুতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ ছলিম উল্লাহ।

প্রবন্ধের ওপর আলোচনায় অংশ নেন প্রফেসর ড. বিএম মফিজুর রহমান আল-আযহারী, প্রফেসর ড. একেএম শাহেদ, সাফীর একাডেমি চট্টগ্রাম ও আল-বুরুজ ইন্টারন্যাশনাল স্কুলের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান হাবিবউল্লাহ বাহারসহ বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষকরা।

সিআরপিএসের সেক্রেটারি রায়হান আজাদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাঁশখালী সরকারি আলাওল কলেজের সাবেক অধ্যক্ষ আজিজুর রহমান, চট্টগ্রাম ইতিহাসচর্চা কেন্দ্রের সভাপতি সোহেল মো. ফখরুদ্দিন, বাংলাদেশ কল্যাণ পার্টি চট্টগ্রাম মহানগর সেক্রেটারি অ্যাডভোকেট মামুন জোয়ার্দ্দার, সাংবাদিক ওসমান গনী, সাপ্তাহিক ইংগিত পত্রিকার সম্পাদক মো. সাইফুদ্দীন, জয়েন্ট সেক্রেটারি তৌফিক আল মুবারক, শাহাদাত হোসাইন ও তরুণ গবেষক মোয়াজ্জেম হোসেন।

অনুষ্ঠানের শেষে আইন ও সমাজসেবায় অবদানের জন্য অ্যাডভোকেট শামসুদ্দীন আহমদ মীর্যা, শিক্ষা ও গবেষণায় অবদানের জন্য প্রফেসর ড. মুহাম্মদ হাশমত আলী এবং শিক্ষা বিস্তারে বিশেষ অবদানের জন্য হাবিবউল্লাহ বাহারকে সিআরপিএসের মনোগ্রাম সম্বলিত সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

সিরাজ/এসে.টি

Leave A Reply

Your email address will not be published.