G-VV5KW25M6F
Take a fresh look at your lifestyle.

চট্টগ্রামে চাকরিচ্যুত ব্যাংককর্মীদের মানববন্ধন

0

নিজস্ব সংবাদ: চট্টগ্রামে পাঁচটি ইসলামী ধারার ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা পুনর্বহালসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন। সোমবার সকালে বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

চট্টগ্রামে চাকরিচ্যুত ব্যাংককর্মীদের মানববন্ধন
চট্টগ্রামে চাকরিচ্যুত ব্যাংককর্মীদের মানববন্ধন

আন্দোলনকারীরা জানান, দেশের বিভিন্ন ব্যাংক থেকে চাকরি হারানো হাজারো কর্মকর্তা-কর্মচারীর অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে তারা এ কর্মসূচিতে অংশ নিয়েছেন। কর্মসূচি শেষে একটি প্রতিনিধি দল বাংলাদেশ ব্যাংকের আঞ্চলিক পরিচালকের কাছে ১০ দফা দাবি সম্বলিত স্মারকলিপি জমা দেয়।

তাদের প্রধান দাবির মধ্যে রয়েছে চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীদের পূর্বের সুযোগ-সুবিধাসহ পুনর্বহাল, দক্ষ ও পেশাদার ব্যক্তিদের মাধ্যমে ব্যাংক পরিচালনা ব্যবস্থা পুনর্গঠন এবং ব্যাংকিং খাতে সুশাসন নিশ্চিত করা।

এছাড়া ব্যাংক পরিচালনায় রাজনৈতিক প্রভাব বন্ধ, ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং সাম্প্রতিক সময়ে ব্যাংক খাতে সংঘটিত বিভিন্ন অভিযোগের নিরপেক্ষ তদন্তেরও দাবি জানানো হয়।

আন্দোলনকারীদের অভিযোগ, ২০২৪ সালের আগস্টের পর কয়েকটি ইসলামী ব্যাংকে ব্যাপক প্রশাসনিক হয়রানি, শাস্তিমূলক বদলি এবং চাকরিচ্যুতির ঘটনা ঘটেছে। এসব সিদ্ধান্তে যথাযথ নীতিমালা অনুসরণ করা হয়নি বলেও দাবি তাদের।

মানববন্ধনে অংশ নেওয়া একাধিক ভুক্তভোগী বলেন, দীর্ঘদিন ব্যাংকিং খাতে দায়িত্ব পালন করলেও হঠাৎ করে চাকরি হারিয়ে তারা আর্থিক ও সামাজিক সংকটে পড়েছেন। তাই ন্যায়বিচার ও কর্মস্থলে ফিরে যাওয়ার দাবিতে তাদের এই আন্দোলন অব্যাহত থাকবে।

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা দ্রুত দাবি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

সিতাজ/এস.টি

Leave A Reply

Your email address will not be published.