G-VV5KW25M6F
Take a fresh look at your lifestyle.

চীনে প্রধানমন্ত্রীর সফর শুরু, পৌঁছালেন দালিয়ানে

0

অনলাইন ডেস্ক: মালয়েশিয়ায় সরকারি সফর শেষে চীনের দালিয়ান শহরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার রাতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে তিনি ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান দালিয়ান ঝুশুইজি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

বিমানবন্দরে চীনের লিয়াওনিং প্রদেশের একজন উচ্চপদস্থ প্রতিনিধি এবং বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। পরে তাকে আনুষ্ঠানিক মোটর শোভাযাত্রার মাধ্যমে দালিয়ানের একটি হোটেলে নিয়ে যাওয়া হয়, যেখানে সফরকালীন তিনি অবস্থান করবেন।

চীন সফরের প্রথম পর্বে প্রধানমন্ত্রী ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ‘নিউ চ্যাম্পিয়নস’ সম্মেলনে অংশ নেবেন। বৈশ্বিক অর্থনীতি, বিনিয়োগ, প্রযুক্তি ও টেকসই উন্নয়ন নিয়ে এই সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের নীতিনির্ধারক ও ব্যবসায়িক নেতারা অংশ নিচ্ছেন।

দালিয়ানের কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী বেইজিং সফরে যাবেন। সেখানে বাংলাদেশ ও চীনের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো উন্নয়ন এবং কৌশলগত সহযোগিতা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

কূটনৈতিক মহলের মতে, বাংলাদেশ-চীন সম্পর্কের ৫০ বছর পূর্তিকে সামনে রেখে এই সফর বিশেষ গুরুত্ব বহন করছে। দুই দেশের সম্পর্ককে আরও গভীর ও বহুমাত্রিক পর্যায়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

এর আগে মালয়েশিয়া সফরে দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠক করেন তারেক রহমান। সেই সফরে দুই দেশের মধ্যে একাধিক সমঝোতা ও সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়।

সবকিছু ঠিক থাকলে আগামী ২৬ জুন প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।

সিতাজ/এস.টি

Leave A Reply

Your email address will not be published.