G-VV5KW25M6F
Take a fresh look at your lifestyle.

ধর্মীয় ভাবগাম্ভীর্যে পালিত হলো পবিত্র আশুরা

0

অনলাইন ডেস্ক: যথাযোগ্য ধর্মীয় মর্যাদা, শোক ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সারা দেশে পবিত্র আশুরা পালিত হয়েছে। এ উপলক্ষে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে শিয়া সম্প্রদায় তাজিয়া মিছিল, মজলিশ ও দোয়া মাহফিলের আয়োজন করে।

ইসলামের ইতিহাসে ১০ মহররম এক গভীর তাৎপর্যপূর্ণ দিন। হিজরি ৬১ সনে কারবালার প্রান্তরে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র হজরত ইমাম হোসেন (রা.) এবং তাঁর পরিবারের সদস্যদের আত্মত্যাগ সত্য, ন্যায় ও মানবতার পক্ষে অবিচল থাকার এক অনন্য দৃষ্টান্ত হিসেবে স্মরণ করা হয়।

রাজধানীর ঐতিহাসিক হোসেনি দালান থেকে সকালে হাজারো ধর্মপ্রাণ মানুষ তাজিয়া মিছিলে অংশ নেন। শোকের প্রতীক কালো পোশাক পরে অংশগ্রহণকারীরা মাতম করেন এবং ইমাম হোসেন (রা.)-এর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। মিছিলটি রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ধানমন্ডি লেকে প্রতীকী তাজিয়া বিসর্জনের মাধ্যমে শেষ হয়।

হোসেনি দালানের পাশাপাশি ঢাকার বিভিন্ন ইমামবাড়াতেও আশুরা উপলক্ষে পৃথক ধর্মীয় কর্মসূচি অনুষ্ঠিত হয়। মজলিশ, দোয়া ও শোকসভায় কারবালার শিক্ষাকে মানবতা, ন্যায়বিচার ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক হিসেবে তুলে ধরা হয়।

পবিত্র আশুরা উপলক্ষে সারা দেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে দায়িত্ব পালন করেন এবং ইমামবাড়াগুলোতে বিশেষ নিরাপত্তা ও নজরদারির ব্যবস্থা রাখা হয়, যাতে সব কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

সিতাজ/এস.টি

Leave A Reply

Your email address will not be published.