Take a fresh look at your lifestyle.

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা:জেনারেল মহিউদ্দিন গ্রেপ্তার

0

রাজধানীর ইসিবি চত্বরের দক্ষিণ মানিকদীতে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় করা মামলার আরেক আসামি অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন চৌধুরীকে (৬৬) গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার বিকেলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) গুলশান বিভাগের একটি দল রাজধানীর সেগুনবাগিচা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

ডিএমপি জানিয়েছে, গ্রেপ্তার গোলাম মহিউদ্দিন চৌধুরী বাংলাদেশ সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল। এ নিয়ে এ ঘটনায় করা মামলায় মোট সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।

সালমান মুক্তাদিরের স্টুডিওতে যা ঘটেছিল?

গত ২৬ সেপ্টেম্বর মধ্যরাতে রাজধানীর ইসিবি চত্বরসংলগ্ন নিউগিনি প্রপার্টিজ লিমিটেডের আবাসন প্রকল্প এলাকায় একদল লোক হামলা চালায় বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগ অনুযায়ী, হামলাকারীদের কাছে আগ্নেয়াস্ত্রের পাশাপাশি রামদা, ছোরা ও লাঠিসোঁটা ছিল। হামলার সময় প্রায় ৫০ রাউন্ড গুলি ছোড়া হয় বলেও মামলায় দাবি করা হয়েছে।

একপর্যায়ে হামলাকারীরা জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ‘ব্রাউন ফিস’ স্টুডিওতে প্রবেশ করে ভাঙচুর চালায় এবং বিভিন্ন মালামাল নিয়ে যায় বলে অভিযোগ রয়েছে।

ঘটনার পর সালমান মুক্তাদির তাঁর ক্ষতিগ্রস্ত স্টুডিও নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেন। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর ঘটনাটি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।

মামলায় ১৩ জনের নাম, অজ্ঞাত আরও ১৫০–২০০ জন

ঘটনার পর নিউগিনি প্রপার্টিজের কর্মকর্তা সাইফুল ইসলাম ভূঁইয়া বাদী হয়ে রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় একটি মামলা করেন।

মামলায় ১৩ জনকে নামীয় আসামি করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতপরিচয় আরও ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহারে বলা হয়েছে, আনুমানিক ৫০ জনের একটি দল প্রকল্প এলাকায় প্রবেশ করে হামলা ও ভাঙচুর চালায়।

এতে সাইট ইঞ্জিনিয়ার মো. পারভেজসহ বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে।

প্রায় ৩ কোটি টাকার ক্ষয়ক্ষতি ও মালামাল চুরির অভিযোগ

মামলার অভিযোগ অনুযায়ী, হামলাকারীরা প্রকল্প এলাকা থেকে নগদ অর্থ, ল্যাপটপ, কম্পিউটার, বিআরবি ক্যাবল, ক্যামেরা এবং বিভিন্ন প্রফেশনাল মিডিয়া ইকুইপমেন্ট নিয়ে যায়।

এ সময় কয়েকটি গাড়িও ভাঙচুর করা হয় বলে অভিযোগ রয়েছে।

বাদী প্রতিষ্ঠানের দাবি, হামলার ঘটনায় প্রায় ১ কোটি ৪২ লাখ ৮০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। পাশাপাশি প্রায় ১ কোটি ৫০ লাখ ৪৩ হাজার টাকার মালামাল চুরি হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

একই সময় সালমান মুক্তাদিরের ‘ব্রাউন ফিস’ স্টুডিওতেও অনধিকার প্রবেশ, ভাঙচুর এবং মালামাল লুটের অভিযোগ আনা হয়েছে।

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা,ফাইল ছবি
সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা। ফাইল ছবি

পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ার অভিযোগ

ঘটনার খবর পেয়ে ক্যান্টনমেন্ট থানার পুলিশ ঘটনাস্থলে গেলে হামলাকারীদের কয়েকজন পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের ভাষ্য অনুযায়ী, আত্মরক্ষা ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা শটগানের পাঁচ রাউন্ড গুলি ছোড়েন।

পরে ঘটনাস্থল থেকে মামলার এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়। পরবর্তী অভিযানে আরও কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে দেশীয় অস্ত্র ও গুলির খোসাও উদ্ধার করা হয়েছে।

তিন আসামি তিন দিনের রিমান্ডে

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও লুটপাটের ঘটনায় করা মামলায় গ্রেপ্তার আরও তিন আসামিকে তিন দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত।

রিমান্ডে যাওয়া তিন আসামি হলেন মামুন (৩২), আসলাম (২৪) ও মুন্না (২৯)।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ছিদ্দিক আজাদের আদালতে মামলার তদন্ত কর্মকর্তা ক্যান্টনমেন্ট থানার এসআই সুব্রত দেবনাথ আসামিদের পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন।

আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিলের আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ রিমান্ডের পক্ষে যুক্তি উপস্থাপন করে।

উভয় পক্ষের শুনানি শেষে আদালত প্রত্যেকের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুণ অর রশিদ আদালতের এ সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেছেন।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

এর আগের রাতে মিরপুরে মা ও শিশু স্বাস্থ্যকেন্দ্র রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার গুঁড়িয়ে দেওয়ার ঘটনার পরপরই ইসিবি চত্বরে এই হামলার ঘটনা ঘটে।

পরপর এমন কয়েকটি ঘটনা সামনে আসায় সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা ও উদ্বেগ দেখা দিয়েছে।

এখন পর্যন্ত সাতজন গ্রেপ্তার

ডিএমপির সর্বশেষ তথ্য অনুযায়ী, সালমান মুক্তাদিরের স্টুডিও এবং নিউগিনি প্রপার্টিজ প্রকল্প এলাকায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় করা মামলায় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন চৌধুরীসহ এখন পর্যন্ত সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার তদন্ত চলমান রয়েছে।

সিতাজ.২৪/এস.টি/ এস.জি.এন

Leave A Reply

Your email address will not be published.